স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ কেবল অর্থনৈতিক অর্জন নয়, সামনে অপেক্ষা করছে প্রতিযোগিতার কঠিন পরীক্ষা। এই পরিবর্তনের সুফল পেতে হলে প্রশাসনিক অদক্ষতা, দুর্নীতি ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায় সম্ভাবনা থাকলেও তা কাজে লাগানো কঠিন হবে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ অপেক্ষা সম্ভাবনা বেশি’ শীর্ষক ছায়া সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, দেশের অগ্রগতির পথে অর্থনৈতিক সংকটের পাশাপাশি রাজনৈতিক অনিশ্চয়তাও বড় প্রতিবন্ধকতা। ঘন ঘন অস্থিরতা এবং শাসনব্যবস্থার পরিবর্তনের প্রভাব দীর্ঘমেয়াদি উন্নয়নে পড়ছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে স্বচ্ছতা, জবাবদিহি ও গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা জরুরি। একই সঙ্গে প্রশাসনকে দক্ষ করে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের উৎপাদন ব্যবস্থাকেও আধুনিক করতে হবে। অতীতে পাওয়া বিশেষ বাণিজ্য সুবিধার ওপর নির্ভরশীলতা কমিয়ে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানোর প্রস্তুতি নিতে হবে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
তৈরি পোশাকশিল্পের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ খাতের শ্রমিকদের মজুরি ও মালিকদের স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রেখে সমাধানের পথ খুঁজতে হবে। কোনো পক্ষকে উপেক্ষা করে টেকসই অগ্রগতি সম্ভব নয়। শিল্পটির স্থিতিশীলতা নষ্ট হলে সবচেয়ে বেশি বিপাকে পড়বেন শ্রমিকরাই।
অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এলডিসি উত্তরণের সময়সীমা আরও তিন বছর বাড়ানোর ফলে বাংলাদেশ প্রস্তুতি নেওয়ার অতিরিক্ত সুযোগ পেয়েছে। তবে এই সময়কে স্বস্তির অবকাশ হিসেবে দেখার সুযোগ নেই। বরং অর্থনীতির দুর্বল দিকগুলো চিহ্নিত করে এখনই সংস্কার ও সক্ষমতা বৃদ্ধির কাজ শুরু করতে হবে।
তিনি বলেন, উত্তরণের পর বিশেষ বাণিজ্য সুবিধা হারানোর প্রভাব ছোট ও মাঝারি পোশাক কারখানাগুলোর ওপর বেশি পড়তে পারে। অন্যদিকে, পোশাকশিল্পে অস্থিরতা দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাব পড়তে পারে রপ্তানি আয়, কর্মসংস্থান ও বিনিয়োগে।
হাসান আহমেদ চৌধুরী কিরণের মতে, যথাযথ প্রস্তুতি, শিল্পের স্থিতিশীলতা এবং ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন নিশ্চিত করা গেলে এলডিসি উত্তরণ বাংলাদেশের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করতে পারে।
ছায়া সংসদ বিতর্কে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয় অর্জন করে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির দল। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক জাকির হোসাইন, মাইদুর রহমান রুবেল, মো. আতিকুর রহমান ও তারিকুল ইসলাম মাসুম। অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট এবং সনদ দেওয়া হয়।




