ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায় সরকার। দুর্গাপূজা এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে উল্লেখ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি মানুষ সমান সুযোগ পাবে, রাষ্ট্রের সুযোগ-সুবিধাও সবার কাছে সমানভাবে পৌঁছাতে হবে। শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের জেএমসেন হলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পরিষদের উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দুর্গাপূজা ধর্মীয় উৎসব হলেও এটি বাংলাদেশের জাতীয় উৎসবের রূপ নিয়েছে। ছোটবেলা থেকেই তিনি পূজার আনন্দে শামিল হয়েছেন। সবাইকে নিয়ে দেশ গড়তে হলে রাষ্ট্র পরিচালনায় সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তারেক রহমানের দেওয়া অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের পথেই এগিয়ে যাচ্ছে সরকার।
সামাজিক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, কিছু মানুষ সমাজের ঐক্য ও ভালোবাসা নষ্ট করার চেষ্টা করতে পারে। তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকলে উৎসবের আনন্দ আরও বিস্তৃত হয়। ছোটখাটো অসুবিধা থাকলেও দেশের সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উৎসবেও মানুষের পাশে থাকার অঙ্গীকার রয়েছে জেলা পরিষদের। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। এ ছাড়া চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা পরিষদের প্রধান নির্বাহী চৌধুরী রওশন ইসলাম, ভারতীয় সহকারী হাইকমিশনের প্রতিনিধি শ্রী হরিশ কুমার এবং বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা বক্তব্য দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত। এ সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালক মনোয়ারা বেগম ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।




