গণঅভ্যুত্থানের পরও পুরোনো রাজনৈতিক হয়রানিমূলক মামলার প্রভাব কাটেনি বলে অভিযোগ উঠেছে। আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও সাংবাদিক মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতিকে প্রশাসনিক ব্যর্থতা হিসেবে দেখছেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানের বাসায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশের উপস্থিতির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি এ ঘটনাকে সরকারের প্রশাসনিক দুর্বলতা ও সমন্বয়হীনতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে ডা. ইরান বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে আগের শাসনের অবসানের পর মানুষের প্রত্যাশা ছিল দেশে আইনের শাসন, গণতন্ত্র, ন্যায়বিচার ও সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। কিন্তু আগের সরকারের আমলে করা একটি পুরোনো মানহানির মামলায় হাইকোর্টের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশের মাহমুদুর রহমানের বাসায় যাওয়ার ঘটনা উদ্বেগজনক।
তিনি বলেন, এ ধরনের ঘটনা অভ্যুত্থান-পরবর্তী সরকারের প্রশাসনিক ব্যর্থতা, দায়িত্ব পালনে সমন্বয়হীনতা এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবকে সামনে নিয়ে এসেছে।
লেবার পার্টির চেয়ারম্যান আরও বলেন, অতীতে সাহসী সাংবাদিকতার কারণে মাহমুদুর রহমান নির্যাতন, কারাবরণ ও একাধিক মামলার মুখোমুখি হয়েছেন। পুরোনো নিপীড়নমূলক মামলার প্রভাব এখনো তার ওপর বজায় থাকলে গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ডা. ইরান। তার মতে, কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় কিংবা অতীতের সরকারের দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশের অন্ধভাবে পদক্ষেপ নেওয়া উচিত নয়। আদালতের স্থগিতাদেশ যথাযথভাবে যাচাই না করে গ্রেফতারি পরোয়ানা কার্যকরের উদ্যোগ নেওয়া হলে বাহিনীর পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন ওঠে। এ ঘটনায় আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে ঘটনার নিরপেক্ষ তদন্ত, পুরোনো রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর আইনানুগ পর্যালোচনা এবং সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানানো হয়।
ডা. ইরান সতর্ক করে বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সরকারের কর্মকাণ্ডের এমন বৈপরীত্য অব্যাহত থাকলে গণতন্ত্রকামী মানুষের মধ্যে হতাশা আরও বাড়বে।