রংপুরে ২৬ মামলার আসামি রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমনকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। রোববার ভোররাতে রংপুর নগরীর সিও বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবি-১৩ রংপুরের উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম। গ্রেপ্তার মেরিল সুমন রংপুর নগরীর শালবন শাহীপাড়া এলাকার আবু হানিফের ছেলে। এসআরবি-১৩-এর ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র, ডাকাতি, মাদক, চাঁদাবাজি ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে ২৬টি মামলা রয়েছে।
সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, এসব মামলার মধ্যে হত্যাচেষ্টা ও মারামারির অভিযোগে আটটি, চাঁদাবাজির চারটি, ডাকাতির প্রস্তুতির তিনটি এবং অস্ত্র আইনে ছয়টি মামলা রয়েছে। এ ছাড়া হত্যা, অপহরণ, সন্ত্রাসবিরোধী আইন ও মাদকদ্রব্য-সংক্রান্ত একটি করে এবং দ্রুত বিচার আইনে একটি মামলা রয়েছে।
এসআরবি-১৩ জানায়, ২০১৫ সালে রংপুরের কাউনিয়ার আলুটারী গ্রামে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে অস্ত্রসহ সুমনকে গ্রেপ্তার করেছিল তৎকালীন র‌্যাব-৫। ২০১৯ সালে রংপুর নগরীর তাজহাট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির অভিযোগে বিদেশি পিস্তল, রিভলবার, গুলি, শুটার গান ও চীনা কুড়ালসহ তাকে গ্রেপ্তার করেছিল তৎকালীন র‌্যাব-১৩।
এ ছাড়া ২০২৩ সালে রংপুর মহানগরীর ইস্টার্ন হাউজিং এলাকা থেকে পিস্তল ও ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে রংপুর মহানগর পুলিশ। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের ওপর হামলা, নির্বাচনি প্রচারণায় বাধা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিকল্পনার অভিযোগে রংপুর মহানগর পুলিশ ও ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে ঠাকুরগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
এসআরবি-১৩ জানিয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মেরিল সুমনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।