কৃষিজমির উর্বর মাটি অবৈধভাবে উত্তোলনের দায়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ড পরিশোধ না করলে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার দুপুরে উপজেলার ধানকুড়া ইউনিয়নের মেসার্স হাজী ব্রিকস ইটভাটায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান। প্রশাসন জানায়, ইটভাটায় ব্যবহারের জন্য কৃষিজমির উর্বর মাটি অবৈধভাবে কাটা হচ্ছিল। এ অপরাধে দুইজনকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে কারাদণ্ডের আদেশও দেন ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান বলেন, কৃষিজমির উপরিভাগের মাটি ফসল উৎপাদনের জন্য অপরিহার্য। এ মাটি সরিয়ে ফেললে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি থাকে। কৃষিজমি সংরক্ষণ এবং অবৈধভাবে মাটি উত্তোলন প্রতিরোধে প্রশাসনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।