দেশের আলোচিত তিনটি হত্যা মামলার আপিল দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। মামলাগুলো হলো নারায়ণগঞ্জের সাত খুন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা। নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট রায় দেন।
ওই রায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ২৬ আসামির মধ্যে ১৫ জনের সর্বোচ্চ সাজা বহাল রাখা হয়েছিল। মামলাটির চূড়ান্ত আপিল নিষ্পত্তি এখনো বাকি। ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ মামলায় ২০২৫ সালের ২ জুন হাইকোর্ট তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখেন। রায়টির বিরুদ্ধেও আপিলের শুনানি বাকি রয়েছে।
অন্যদিকে, ২০১৯ সালে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ২০২৫ সালের ১৬ মার্চ হাইকোর্ট রায় দেন। তাতে বিচারিক আদালতের দেওয়া ২০ আসামির মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়। রাষ্ট্রপক্ষের উদ্যোগ অনুযায়ী, আদালতের কার্যক্রম শুরু হলে মামলাগুলোর চূড়ান্ত শুনানি অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।




