সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রবিবার সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে রুবেল হোসেন এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার লালপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে উজ্জ্বল হোসেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনামুল করিম শাহীন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার অপর আসামি শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০১২ সালের ১৭ অক্টোবর হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় একটি ট্যাংকলরি থামিয়ে তল্লাশি করে ৭১৬ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। মাদক কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে রুবেল ও উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ কুমার বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।




