হাইকোর্টে রিট খারিজ হওয়ায় খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন আয়োজনের পথ সুগম হয়েছে। আগামী নভেম্বর মাসে ভোট গ্রহণের পরিকল্পনা করছে নির্বাচন কর্তৃপক্ষ। তবে ভোটের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
ভোটার তালিকায় নতুন সদস্য অন্তর্ভুক্তির বৈধতা নিয়ে করা রিটের পূর্ণাঙ্গ রায় গত ১২ অক্টোবর প্রকাশ করেন হাইকোর্ট। রায়ের অনুলিপি গত বৃহস্পতিবার খুলনায় পৌঁছানোর পর নির্বাচনের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
চলতি বছরের ২২ মে খুলনা চেম্বারের নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়। প্রথমে ২২ আগস্ট ভোট গ্রহণের দিন ঠিক করা হলেও পরে তা পরিবর্তন করে ৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে নতুন সদস্য অন্তর্ভুক্তি নিয়ে উচ্চ আদালতে রিট দায়ের হলে গত ২০ আগস্ট নির্বাচন স্থগিত করা হয়।
আদালতের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, ৮৯৮ জন সদস্যের অন্তর্ভুক্তি নিয়ে যে আপত্তি তোলা হয়েছিল, তা নির্বাচনি আপিল বোর্ডের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। ওই বোর্ড বিতর্কিত ৬৯৭ জন নতুন সদস্যকে ভোটার তালিকা থেকে বাদ দেয়। ফলে ১ হাজার ৭০৫ জন সদস্যকে নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এ পরিস্থিতিতে আবেদনকারীর আপত্তির বিষয়টি নিষ্পত্তি হয়েছে বিবেচনায় রিট খারিজ করেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।
খুলনা চেম্বারের বর্তমান প্রশাসক আবু সাঈদ মো. মনজুর আলম জানান, আদালতের সিদ্ধান্তের পর নির্বাচন আয়োজনে আর কোনো আইনি জটিলতা নেই। নির্বাচনি বোর্ডের সঙ্গে বৈঠক করে দ্রুত ভোটের দিন নির্ধারণ করা হবে। নভেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।