চিত্রনায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন লাগার ঘটনায় করা মামলায় তার পরিবারের ম্যানেজার মামুন মণ্ডল জামিন পেয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এক হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম। তার ভাষ্য, মামুন দীর্ঘদিন ধরে মান্নার পরিবারের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং গাড়িতে আগুন লাগার ঘটনাটি দুর্ঘটনাজনিত।
আদালতে জামিনের আবেদন করা হলে শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন। এর আগে গত ২৬ অক্টোবর মামুন মণ্ডল (২৯) এবং গাড়ির টেকনিশিয়ান সোহেল পাটওয়ারীকে (৩৭) গ্রেপ্তার করে পুলিশ। পরদিন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক ইয়াউর রহমান তাদের কারাগারে রাখার আবেদন করেন। পরে জামিন আবেদনের শুনানির জন্য বুধবার দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। মামলার অভিযোগ অনুযায়ী, রাজধানীর ভাটারা এলাকার একটি ভবনের গ্যারেজে দীর্ঘদিন ধরে একটি ব্যক্তিগত গাড়ি পড়ে ছিল। গাড়িটি চিত্রনায়ক মান্নার স্ত্রী সেলির নামে নিবন্ধিত।
গাড়ির নিচে তেলের দাগ দেখতে পেয়ে ভবন কর্তৃপক্ষ সেটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়। পরে গাড়িটি ওয়ার্কশপে নেওয়ার দায়িত্ব দেওয়া হয় ম্যানেজার মামুনকে। অভিযোগে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর গ্যারেজের ভেতরেই মামুন ও টেকনিশিয়ান সোহেল গাড়িটির মেরামত শুরু করেন। সন্ধ্যা ৬টার দিকে গাড়িটিতে আগুন ধরে যায়। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায় এবং পাশে থাকা আরেকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া আগুনে গ্যারেজের বিভিন্ন অংশ, বৈদ্যুতিক তার, সিসিটিভি ক্যামেরা, গেটের শাটার ও অন্যান্য সরঞ্জামের ক্ষতি হয়। ভবনের কয়েকটি স্থানের কাচও ভেঙে যায়।
মামলার অভিযোগে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৯০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। ঘটনার পর ভবনটির ম্যানেজার গাজি মানিক মিয়া ভাটারা থানায় অভিযোগ করেন। পরে পুলিশ সেটিকে মামলা হিসেবে নথিভুক্ত করে তদন্ত শুরু করে। মামলার তদন্ত ও আদালতের পরবর্তী কার্যক্রমের মধ্য দিয়েই অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানা যাবে।




