বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (৩১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। রিমান্ড শেষে আদালত থেকে বের হওয়ার সময় এক স্বজনকে উদ্দেশ করে দীপকে বলতে শোনা যায়, ‘আমি ফুললি স্ট্রং’। এ সময় তাঁকে নিজের শারীরিক অবস্থার বিষয়ে আশ্বস্ত করতে দেখা যায়। শনিবার দুপুর সোয়া ২টার দিকে দীপকে আদালতে হাজির করা হয়।
পরে তাঁকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে শুনানির জন্য তাঁকে এজলাসে তোলা হয়। আদালতে হাজির করার সময় দীপের মাথায় হেলমেট, হাতে হাতকড়া এবং শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। কাঠগড়ায় নেওয়ার পর তাঁর হেলমেট ও জ্যাকেট খুলে দেওয়া হয়। শুনানির সময় তাঁকে স্বাভাবিক দেখা যায়। আদালতে নেওয়া ও বের করার সময় কয়েকবার হাসতেও দেখা গেছে তাঁকে।
এর আগে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য দীপকে হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে শুক্রবার রাতে তাহসিফের বাবা মামলা দায়ের করলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তী সময়ে তাঁকে নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা উদ্ঘাটনে দীপকে জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারী সংস্থা।