মেহেরপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ৩২টি স্বর্ণের বারের ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম। বিজিবির হিসাবে এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
রবিবার (১ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের আবু বক্করের ছেলে মো. আসাদুল (৫০) এবং মাদারের ছেলে মো. জুয়েল হোসেন (৩০)।
বিজিবি সূত্রে জানা যায়, নাজিরাকোনা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১১০ থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাগারবিল এলাকায় স্বর্ণ পাচারের প্রস্তুতির তথ্য পায় বিজিবি। এর ভিত্তিতে রোববার দুপুর ১২টার দিকে হাবিলদার মো. শামীমুর রহমানের নেতৃত্বে একটি টহল দল সেখানে অবস্থান নেয়।
এ সময় ব্যাগ হাতে সীমান্তের দিকে যাওয়া দুই ব্যক্তিকে সন্দেহ হলে বিজিবি সদস্যরা থামার নির্দেশ দেন। তারা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে আটক করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ফেলে যাওয়া ব্যাগ খুলে ৩২টি স্বর্ণের বার পাওয়া যায়।
উদ্ধার হওয়া স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। আটক দুজনকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য মুজিবনগর থানায় হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, সীমান্তে স্বর্ণ চোরাচালানসহ বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।