দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত মধ্যপাড়া কঠিন শিলা খনিতে পাথর উত্তোলনে নতুন রেকর্ড হয়েছে। গত অক্টোবর মাসে খনি থেকে দেড় লাখ মেট্রিক টনেরও বেশি পাথর উত্তোলন করেছে পরিচালনাকারী প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। খনিটির বাণিজ্যিক উৎপাদন শুরুর পর কোনো এক মাসে এটিই সর্বোচ্চ উত্তোলন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
খনি সূত্রে জানা যায়, অক্টোবর মাসে ছুটির দিন বাদে প্রতিদিন গড়ে প্রায় ছয় হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করা হয়েছে। জিটিসির সঙ্গে খনির পরিচালনা, উৎপাদন ও উন্নয়নসংক্রান্ত দ্বিতীয় দফার চুক্তির পর থেকেই উৎপাদন বাড়ানোর ধারাবাহিকতা বজায় রয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রতি মাসেই নতুন রেকর্ড গড়ছে প্রতিষ্ঠানটি।
২০০৭ সালে মধ্যপাড়া খনিতে বাণিজ্যিকভাবে পাথর উত্তোলন শুরু হয়। শুরুর দিকে দৈনিক উৎপাদন ছিল মাত্র ৪০০ থেকে ৫০০ মেট্রিক টন। বর্তমানে বিদেশি খনি বিশেষজ্ঞদের সহায়তায় উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে খনি-সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, স্থানীয় খনি থেকে পাথরের সরবরাহ বাড়ায় আমদানিনির্ভরতা কমছে এবং সরকারের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। বর্তমানে খনির বিভিন্ন স্থানে প্রায় ১৫ লাখ মেট্রিক টনের বেশি পাথর মজুদ রয়েছে।
উৎপাদনের এই ধারাবাহিকতা বজায় রাখতে সরকারি সহযোগিতা ও সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন খনি-সংশ্লিষ্ট শ্রমিক ও কর্মকর্তারা। তাদের প্রত্যাশা, পরিকল্পিত উন্নয়ন ও উৎপাদন কার্যক্রম চলমান থাকলে মধ্যপাড়া খনি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বড় ভূমিকা রাখতে পারবে।




