নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিরা হলেন আলামিন (২৬) ও আনিসুর (২৫)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার ধারাবাড়িষা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। নাটোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 
এর আগে একই মামলায় সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে মিন্টুকেও তাঁর নিজ বাসা থেকে আটক করা হয়েছিল। গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন শাকিল। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়।
 স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ঘটনার সময় মোটরসাইকেলে আসা হেলমেট ও মাস্ক পরা দুই যুবক শাকিলকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তাঁকে ধাওয়া করে ধরে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত শাকিলকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁকে রাজশাহী ও ঢাকায় নেওয়া হয়। ডিবি পুলিশ জানিয়েছে, আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।