দেশের ক্যানসার হাসপাতালগুলোতে আধুনিক রেডিওথেরাপি মেশিন দ্রুত স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ক্যানসার চিকিৎসার প্রয়োজন বিবেচনায় স্বাস্থ্য খাতের বাজেটের সিংহভাগ ব্যয় করার পরিকল্পনা রয়েছে। আধুনিক চিকিৎসা সরঞ্জাম আমদানিতে শুল্কমুক্ত সুবিধা চালুর বিষয়েও প্রধানমন্ত্রীর সহযোগিতায় উদ্যোগ নেওয়া হবে।
রবিবার (১৮ অক্টোবর) রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত ‘জাতীয় ক্যানসার সম্মেলন ২০২৬’-এর আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, ক্যানসার চিকিৎসার যন্ত্রপাতি স্থাপন ও কার্যকরভাবে চালুর ক্ষেত্রে বিদ্যমান দীর্ঘসূত্রিতা কমানো হবে, যাতে রোগীদের চিকিৎসার জন্য বিদেশমুখী হওয়ার প্রয়োজন কমে।
মন্ত্রী বলেন, দেশে আধুনিক যন্ত্রপাতি পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও টেকনোলজিস্ট রয়েছেন। নতুন প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজন হলে আগামী তিন মাসের মধ্যে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপন করা গেলে দেশের রোগীরা নিজ দেশেই উন্নত চিকিৎসাসেবা পাবেন।
স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ জানিয়ে তিনি বলেন, গত ১৭ বছরে এ খাত পিছিয়ে পড়েছে। এখন থেকে দায়িত্ব পালনে অবহেলা বা গাফিলতি বরদাশত করা হবে না। দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্টদের চাকরি হারানোর ঝুঁকি রয়েছে বলেও তিনি সতর্ক করেন।
জাতীয় ক্যানসার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফারহাদ হালিম ডালিম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান প্রমুখ।




