দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯২ জনে। পাশাপাশি নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯৬ জনে।
রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এসেছেন ১ হাজার ২৫৪ জন। তাদের মধ্যে ১ হাজার ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময়ে ৬৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৭৬ জন। এ ছাড়া চট্টগ্রামে ২১৬, সিলেটে ১১১, বরিশালে ১০৭, খুলনায় ৭৫, ময়মনসিংহে ৭৩, রংপুরে ৪২ এবং রাজশাহীতে ৩২ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন।
বুলেটিনে আরও জানানো হয়, দেশে হামের উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৪৪ জনে। তাদের মধ্যে ২৩ হাজার ১২২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে হাসপাতালে আসা বা ভর্তি হওয়া সব রোগীর হাম পরীক্ষা করা হয় না। হাসপাতালের বাইরের রোগীদের তথ্যও পূর্ণাঙ্গভাবে নথিভুক্ত না হওয়ায় প্রকৃত আক্রান্তের সংখ্যা নিরূপণ কঠিন।