রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনের সময় এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে হাসপাতালটি আকস্মিক পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশের পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী।
 প্রতিবেদনে বলা হয়েছে, ওই কক্ষের পরিবেশও অপরিচ্ছন্ন ছিল। হাসপাতালের মতো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এমন পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরে হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশের পর রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরিদর্শনকালে হাসপাতালের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসক ও কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।