দেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের লাইব্রেরিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা তিনটি বই সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
গত ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট দপ্তর ও অধিদপ্তরগুলোর প্রধানদের কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে নির্দিষ্ট তিনটি বইয়ের এক সেট করে কিনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইব্রেরিতে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব খন্দকার রবিউল ইসলামের সই করা চিঠি অনুযায়ী, জাতীয়তাবাদী প্রকাশনা থেকে প্রকাশিত বই তিনটি হলো—‘প্রেসিডেন্ট জিয়া রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’।
নির্দেশনা বাস্তবায়নের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ওষুধ প্রশাসন অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে।
এ ছাড়া জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট), স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং ন্যাশনাল ইলেকট্রো-মেডিক্যাল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারেও (নিমিউ অ্যান্ড টিসি) চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।




