ডেঙ্গু প্রতিরোধে ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ ক্ষেত্রে অর্থের কোনো সমস্যা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে আয়োজিত ছায়া সংসদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
আবদুস সালাম বলেন, সরকার ডেঙ্গু রোগীদের চিকিৎসাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ডেঙ্গুর প্রকোপ কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। জনগণ সচেতন না হলে শুধু সরকারি উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়।
তিনি আরও বলেন, ডেঙ্গু এখন জাতীয় সংকট। ডেঙ্গু প্রতিরোধে জরিমানা থেকে আদায় করা অর্থ রোগে মারা যাওয়া অসচ্ছল ব্যক্তিদের পরিবারের মধ্যে দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীকে জানানো হবে।
অনুষ্ঠানে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ডেঙ্গু সারা বছরই মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে। বৈজ্ঞানিক তথ্য-প্রমাণে টিকার কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত হলে ডেঙ্গুর ভ্যাকসিন কেনার উদ্যোগ নেওয়া উচিত। ডেঙ্গু প্রতিরোধে জরিমানা থেকে আদায় করা অর্থ মৃত ব্যক্তিদের অসচ্ছল পরিবারকে দেওয়ারও আহ্বান জানান তিনি।
‘ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের চেয়ে নাগরিক সচেতনতা অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় কবি নজরুল সরকারি কলেজকে হারিয়ে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সাংবাদিক মো. আতিকুর রহমান, প্রতীক ইজাজ, মো. মেহেদী হাসান ও জিনিয়া কবির সূচনা।