বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সাজেদা ফাউন্ডেশনের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।
সকালে সিভিল সার্জনের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘জীবনের অভিজ্ঞতার গল্প শুনি: সত্যিকারের পথে, সত্যিকারের পরিবর্তন’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানসিক স্বাস্থ্য মানুষের সামগ্রিক সুস্থতার গুরুত্বপূর্ণ অংশ। মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক কুসংস্কার দূর করে সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. তাসলিমা জান্নাত, কো-অর্ডিনেটর মেডিকেল অফিসার ডা. উম্মে হাবিবা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এস এম মুনজুর আলম, সাজেদা ফাউন্ডেশনের সাইকোলজিস্ট মো. সজ্জাদ হোসেন, প্রোগ্রাম অফিসার আই হেলথ মো. আলামিন ইসলাম, লে কাউন্সিলর হাফসা খাতুন এবং সমন্বয় প্রতিবন্ধী অধিকার সংস্থার সভাপতি লিমা খাতুনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
কর্মসূচিতে মানসিক স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্যবান্ধব সমাজ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। আলোচনা সভা শেষে সাজেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে সিভিল সার্জন ডা. নুরুল আমিন প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন।