শিশুদের বিশেষায়িত চিকিৎসাসেবা বিভাগীয় ও জেলা পর্যায়ে ছড়িয়ে দিতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে একযোগে চালু হতে যাচ্ছে ২০০ শয্যার পাঁচটি হাসপাতাল।
দীর্ঘদিন ধরে প্রস্তুত থাকলেও জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে চালু করা সম্ভব হয়নি পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। অবশেষে চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হাসপাতালগুলোর কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এগুলোর উদ্বোধন করবেন।
নতুন হাসপাতালগুলো স্থাপন করা হয়েছে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায়। প্রতিটি প্রতিষ্ঠানে থাকবে ২০০ শয্যা। এগুলো চালু হলে ঢাকার বাইরে জটিল ও গুরুতর রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার সুযোগ বাড়বে। রাজধানীর বড় হাসপাতালগুলোর ওপর চাপও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঁচটি হাসপাতালের জন্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে মোট ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে উপপরিচালক পাঁচটি, সহকারী পরিচালক পাঁচটি, সিনিয়র কনসালটেন্ট ১০০টি, জুনিয়র কনসালটেন্ট ২০০টি এবং মেডিকেল অফিসার পদ রয়েছে ৩২৫টি। এ ছাড়া আবাসিক চিকিৎসক, সার্জন, ডেন্টাল সার্জন, জরুরি বিভাগের চিকিৎসক ও অ্যানেসথেশিয়া বিশেষজ্ঞদের জন্যও পদ রাখা হয়েছে।
হাসপাতালগুলোর প্রশাসনিক কার্যক্রম সচল করতে ইতোমধ্যে পাঁচজন উপপরিচালক নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহীতে ডা. মো. বেলাল হোসেন, বরিশালে ডা. মো. মজিবর রহমান, রংপুরে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লায় ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনায় ডা. শওকত আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আধুনিক চিকিৎসা সুবিধা রাখা হচ্ছে। ভবিষ্যতে শয্যা ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর উপযোগী করেই ভবনগুলো নির্মাণ করা হয়েছে। হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও শেষ হয়েছে। নবজাতক ও গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসায় প্রয়োজনীয় ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে, কার্ডিয়াক মনিটর ও ফটোথেরাপি মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।
এর আগে গত ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অব্যবহৃত শিশু হাসপাতালগুলো দ্রুত চালুর নির্দেশ দেন। একই সঙ্গে হাসপাতালগুলোর অবস্থা সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেন। এরপর থেকেই হাসপাতালগুলো চালুর প্রস্তুতি জোরদার হয়।
গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার জানিয়েছিলেন, বছরের শেষ দিকে পাঁচটি হাসপাতাল একযোগে চালুর পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্য সামনে রেখেই জনবল নিয়োগ, চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ ও প্রশাসনিক প্রস্তুতি এগিয়ে নেওয়া হয়েছে।