ভারত ভ্রমণে গিয়ে কমলার বাগান দেখে অনুপ্রাণিত হয়েছিলেন হাবিবুর রহমান। দেশে ফিরে একটি কমলার ডাল থেকে চারা তৈরি করে শুরু করেন চাষাবাদ। পরে বড় ভাই শফিউর রহমানও যুক্ত হন এ উদ্যোগে। দুই ভাইয়ের পরিশ্রমে ঝিনাইদহের মহেশপুরে গড়ে উঠেছে ১৬ বিঘার কমলার বাগান। নিজেদের ছয় বিঘা জমির পাশাপাশি আরও ১০ বিঘা জমি লিজ নিয়ে গড়ে তোলা এই বাগান থেকে প্রতি মৌসুমে প্রায় ৩০ লাখ টাকার কমলা বিক্রি করছেন তারা।
মহেশপুর পৌরসভার বেগমপুর গ্রামের বাগানটিতে এখন গাছে গাছে ঝুলছে চায়না-৩ জাতের পাকা কমলা। ফলের ভারে নুয়ে পড়েছে গাছের ডাল। সবুজ পাতার ফাঁকে হলুদ কমলার সমাহার নজর কাড়ছে দর্শনার্থীদের। স্থানীয় কৃষকদের মধ্যেও এ জাতের কমলা চাষে আগ্রহ বাড়ছে।
জানা যায়, ২০০৮ সালে ভারত ভ্রমণে গিয়ে কমলা চাষ দেখে আগ্রহী হন হাবিবুর রহমান। দেশে ফিরে নিজের তিন বিঘা জমিতে চায়না-৩ জাতের কমলা চাষ শুরু করেন। একটি ডাল থেকে নিজেই চারা তৈরি করে পরবর্তী সময়ে প্রায় ৭০০টি চারা উৎপাদন করেন। পরের বছর বড় ভাই শফিউরও নিজের তিন বিঘা জমিতে কমলার বাগান করেন। এভাবে ছয় বিঘা জমিতে শুরু হয় তাদের যৌথ উদ্যোগ। পরে চাষ সম্প্রসারণে আরও ১০ বিঘা জমি লিজ নেন। তিন বছর পর গাছে ফল আসতে শুরু করে এবং চতুর্থ বছর থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়।
বর্তমানে বাগান থেকে নিয়মিত পাকা কমলা সংগ্রহ করা হচ্ছে। বাছাই শেষে ক্যারেটভর্তি কমলা পাঠানো হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার বাজারে। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা সরাসরি বাগানে এসেও ফল কিনছেন। পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। পড়াশোনার পাশাপাশি কাজ করছেন শিক্ষার্থীরাও।
উদ্যোক্তা হাবিবুর রহমান বলেন, ভারত ভ্রমণে কমলার চাষ দেখে দেশে এ ফল উৎপাদনের পরিকল্পনা করেন। শুরুতে একটি ডাল নিয়ে এসে চারা তৈরি করেন। পরে ৭০০ চারা উৎপাদনের মাধ্যমে চাষ শুরু করেন। এখন দুই ভাই মিলে বাগানের পরিধি বাড়িয়েছেন। ফলন ও বাজারে চাহিদা ভালো থাকায় তারা এ উদ্যোগ চালিয়ে যাচ্ছেন।
অন্য উদ্যোক্তা শফিউর বলেন, তাদের বাগানের কমলা সুস্বাদু ও রসালো। স্বাদ, রং ও মানের কারণে ক্রেতাদের কাছে এ কমলার চাহিদা বাড়ছে।
স্থানীয় ফল ব্যবসায়ী ও কৃষকদের মতে, মহেশপুরের মাটিতে বিদেশি জাতের কমলার ভালো ফলন নতুন সম্ভাবনা তৈরি করেছে। বাগান থেকে সরাসরি কমলা কেনার সুযোগ থাকায় ব্যবসায়ীরাও আগ্রহী হচ্ছেন।
মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়ারসমিন সুলতানা বলেন, এ অঞ্চলে কমলা চাষের সম্ভাবনা রয়েছে। পরিকল্পিত পরিচর্যা ও কৃষি বিভাগের পরামর্শ মেনে চললে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। হাবিবুর ও শফিউরের বাগানেও কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হবে।
দুই ভাই জানান, প্রতি মৌসুমে তাদের বাগান থেকে প্রায় ৩০ লাখ টাকার কমলা বিক্রি হয়। তাদের এই উদ্যোগ স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের মাটিতে বিদেশি জাতের ফল উৎপাদনের সম্ভাবনাও দেখাচ্ছে।




