আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে কুড়িগ্রামে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় স্থানীয় বেসরকারি সংগঠনগুলোর উদ্যোগে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রেস ক্লাবের সভাকক্ষে জেলার নারী নির্যাতনের চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা।
মানববন্ধনে বক্তব্য দেন মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্টের সমন্বয়কারী রেশমা চৌধুরী, সলিডারিটির প্রতিনিধি বদরুন্নেছা বীথি, নারী’র নির্বাহী প্রধান ফরিদা ইয়াসমিন প্রমুখ।
সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক ঝুমা ঘোষ বিভিন্ন পত্রিকার তথ্য তুলে ধরে জানান, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ৩৯ ধরনের সহিংসতার শিকার হয়েছেন ৩ হাজার ৬৭ জন নারী।
এ ছাড়া একই সময়ে কুড়িগ্রাম জেলায় হাসপাতালের তথ্য অনুযায়ী নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৯৪টি। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের তথ্য অনুযায়ী, জেলায় বিচারাধীন মামলার সংখ্যা ২ হাজার ৪০টি।
সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।