কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকা থেকে দেশীয় তৈরি বন্দুক ও গুলিসহ তিনজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার হাবিবুর রহমান (৩৭), রহমত উল্লাহ (২৩) ও মো. রমিজ (১৮)।
এসআরবি কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ ম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ নভেম্বর বিকেলে এসআরবি সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল অভিযান চালায়। হোয়াইক্যংয়ের ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের উনচিপ্রাং ১৬ এপিবিএন চেকপোস্টের সামনে ডব্লিউএফপি কার্যালয়ের কাঁটাতারের বেড়াসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় ডাকাতি ও অপহরণের সঙ্গে জড়িত। পাহাড়সংলগ্ন এলাকার বাসিন্দা এবং সেখানে কাজ করতে যাওয়া কৃষক-শ্রমিকদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এসব অপরাধে রোহিঙ্গাদের কয়েকজনও জড়িত বলে স্থানীয়দের দাবি।
এসআরবি জানায়, উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ আটক তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




