শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে দিনাজপুরের ঘোড়াঘাটে শীতের পোশাক বিক্রির প্রস্তুতি শুরু করেছেন ব্যবসায়ীরা। উপজেলার বিভিন্ন বিপণিবিতান ও ফুটপাতের দোকানে উঠেছে সোয়েটার, জ্যাকেট, হুডি, মোটা কাপড়সহ নানা ধরনের গরম পোশাক। তবে দোকানজুড়ে শীতের পোশাকের সমাহার থাকলেও এখনো জমে ওঠেনি বেচাকেনা। ক্রেতাদের আনাগোনা কম থাকায় বিক্রির আশায় অলস সময় পার করছেন ব্যবসায়ীরা।
বুধবার (২৫ নভেম্বর) উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র রানীগঞ্জ বন্দরসহ ওসমানপুর, ডুগডুগিহাট ও ঘোড়াঘাট পৌর এলাকার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। দোকানগুলোতে সারি সারি করে সাজানো হয়েছে নানা রঙ ও ডিজাইনের শীতের পোশাক। ফুটপাতেও রয়েছে তুলনামূলক কম দামের গরম কাপড়। কিন্তু ক্রেতাদের উপস্থিতি এখনো তেমন চোখে পড়ছে না।
ব্যবসায়ীরা জানান, শীতের মৌসুম সামনে রেখে আগেভাগেই বিভিন্ন ধরনের পোশাক সংগ্রহ করেছেন তাঁরা। নতুন ডিজাইনের সোয়েটার, জ্যাকেট ও হুডি তুললেও বিক্রি হচ্ছে প্রত্যাশার তুলনায় কম। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা এখনই শীতের পোশাক কিনতে আগ্রহী হচ্ছেন না। শীতের তীব্রতা বাড়লে বেচাকেনা বাড়বে বলে আশা করছেন তারা।
রানীগঞ্জ বন্দরের সাজু গার্মেন্টসের কর্ণধার মিজবাহুল আলম সাজু বলেন, শীতের পোশাকের জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে। দোকানে নতুন ডিজাইনের সোয়েটার, জ্যাকেট ও হুডি তোলা হয়েছে। কিন্তু ক্রেতা কম। অনেকে পোশাক দেখছেন, দাম যাচাই করছেন; তবে কিনছেন কম। শীত বাড়লে বিক্রি বাড়বে বলে আশা করছেন তিনি।
ফুটপাতের পোশাক বিক্রেতা রবিউল ইসলাম বলেন, শীতের মৌসুমে ভালো ব্যবসার প্রত্যাশা থাকে। কিন্তু এবার এখন পর্যন্ত বিক্রি তেমন নেই। সকাল থেকে দোকান সাজিয়ে বসে থাকলেও ক্রেতা মিলছে কম। ডিসেম্বরের দিকে শীত বাড়লে বেচাকেনা জমে উঠবে বলে আশা করছেন তিনি।
অন্যদিকে ক্রেতারা বলছেন, শীতের পোশাক কেনার প্রয়োজন থাকলেও এখনই কেনাকাটায় তেমন আগ্রহ নেই। অনেকে দাম যাচাই করছেন, আবার কেউ কেউ শীতের তীব্রতা বাড়ার অপেক্ষায় রয়েছেন।
রানীগঞ্জ বন্দরের স্থানীয় ক্রেতা তারেকুর রহমান বলেন, এখনো তেমন শীত পড়েনি। তাই পরিবারের জন্য একসঙ্গে বেশি পোশাক কিনছেন না। শীত বাড়লে প্রয়োজন অনুযায়ী গরম কাপড় কিনবেন।
দিঘিপাড়া গ্রামের ক্রেতা আব্দুল্লাহ আল আবাবিল বলেন, দোকানে পছন্দের অনেক পোশাক রয়েছে। তবে পরিবারের সবার জন্য কেনাকাটা করতে গেলে খরচ বেশি হয়। তাই প্রয়োজন ও দাম বিবেচনা করেই পোশাক কিনছেন।
ব্যবসায়ীদের প্রত্যাশা, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে ক্রেতাদের উপস্থিতিও বাড়বে। বিশেষ করে কম দামের ফুটপাতের পোশাকের চাহিদা বাড়বে বলে মনে করছেন তারা।




