বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে নিজের অবস্থান আরও একবার শক্তভাবে জানান দিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদন সাময়িকী ভ্যারাইটির প্রকাশিত সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় স্থান পেয়েছেন তিনি। তালিকায় ৯২তম অবস্থানে থাকা শাহরুখই একমাত্র ভারতীয় অভিনেতা।
শাহরুখের অভিনয়জীবনের প্রতিনিধিত্বশীল সিনেমা হিসেবে তালিকায় উল্লেখ করা হয়েছে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘দেবদাস’ ছবির নাম। এই স্বীকৃতির মধ্য দিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে তার দীর্ঘদিনের জনপ্রিয়তা ও প্রভাবের বিষয়টি আবারও সামনে এসেছে।
ভ্যারাইটির এই তালিকার প্রথম স্থান অধিকার করেছেন হলিউডের কিংবদন্তি অভিনেত্রী মেরিলিন মনরো। দ্বিতীয় স্থানে হামফ্রে বোগার্ট এবং তৃতীয় অবস্থানে রয়েছেন চার্লি চ্যাপলিন। তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে জ্যাক নিকলসন ও ক্যাথরিন হেপবার্ন। সেরা দশে আরও রয়েছেন সিডনি পোয়াটিয়ে, মার্লন ব্র্যান্ডো, টম ক্রুজ, তোশিরো মিফুনে ও বারব্রা স্ট্রাইস্যান্ড।
তালিকায় শাহরুখের পরের অবস্থানে রয়েছেন হোয়াকিন ফিনিক্স। ৮৯তম স্থানে নিকোলাস কেজ, ৮৪তম স্থানে কেট উইন্সলেট, ৯৪তম স্থানে এমা স্টোন এবং ৯৮তম স্থানে রয়েছেন জেনডায়া। জীবিত অভিনয়শিল্পীদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন চতুর্থ স্থানে থাকা জ্যাক নিকলসন।
আন্তর্জাতিক অঙ্গনে শাহরুখের এমন স্বীকৃতি অবশ্য নতুন নয়। ২০২২ সালে এম্পায়ার সাময়িকীর পাঠক জরিপে সর্বকালের সেরা ৫০ অভিনেতার তালিকায় জায়গা করে নিয়েছিলেন তিনি। সেখানেও একমাত্র ভারতীয় অভিনেতা ছিলেন শাহরুখ। পরের বছর ২০২৩ সালে টাইম সাময়িকীর বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতেও স্থান পান এই বলিউড তারকা।
আশির দশকের শেষ দিকে টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল শাহরুখের। এরপর ‘দিওয়ানা’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক। তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে ৯০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় মুখ হিসেবে। অভিনয়, তারকাখ্যাতি ও আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রভাবের কারণে ভক্তদের কাছে তিনি ‘কিং খান’ ও ‘বলিউড বাদশাহ’ নামে পরিচিত।
এদিকে শাহরুখের পরবর্তী সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তির পরিকল্পনা রয়েছে। এতে শাহরুখের পাশাপাশি তাঁর মেয়ে সুহানা খানকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এ ছবির মাধ্যমে বড় পর্দায় সুহানার অভিষেক হতে যাচ্ছে।