পবিত্র কোরআনের আয়াত খোদাই করা পান্নার লকেট পরাকে কেন্দ্র করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। দীপাবলি উপলক্ষে প্রকাশিত তার সাজের ছবি ঘিরে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলেছেন ভারতের কংগ্রেস নেতা আব্বাস হাফিজ। এ ঘটনায় কারিনা ও তার স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।
গত ১১ নভেম্বর পাঠানো নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সরিয়ে নেওয়া, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে পবিত্র কোরআনের আয়াতের মর্যাদা ক্ষুণ্ন হয়—এমন উপস্থাপনা থেকে বিরত থাকার নিশ্চয়তা চাওয়া হয়েছে।
সম্প্রতি দীপাবলি উপলক্ষে ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করেন কারিনা। সেখানে বেইজ রঙের ডিজাইনার কাফতান ও পাগড়ির সঙ্গে তার গলায় দেখা যায় ৩০ ক্যারেটের একটি পান্নার লকেট। এতে পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াত, আয়াতুল কুরসি খোদাই করা রয়েছে।
কারিনার সাজের দায়িত্বে থাকা রিয়া কাপুর গয়নাটিকে ভোপালের সাবেক নবাব পরিবারের প্রায় ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী সম্পদ হিসেবে পরিচয় করিয়ে দেন। তার ভাষ্য অনুযায়ী, পান্নার লকেটটি ভোপালের এক বেগমের ঐতিহাসিক গয়না।
আব্বাস হাফিজের আপত্তি মূলত ধর্মীয় আয়াত খোদাই করা গয়নাটির উপস্থাপনা নিয়ে। তার দাবি, পবিত্র কোরআনের আয়াতের ধর্মীয় মর্যাদা রক্ষায় বিশেষ সতর্কতা প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে যেভাবে লকেটটি প্রদর্শন করা হয়েছে, তা ধর্মীয় অনুভূতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেনি।
নোটিশে আরও বলা হয়েছে, কোরআনের আয়াত অলংকার হিসেবে ব্যবহারের বিষয়ে ইসলামী ধর্মীয় পণ্ডিতদের মধ্যে আপত্তি রয়েছে। তবে এ বিষয়ে ধর্মীয় মতপার্থক্যের কথাও উল্লেখ করা হয়েছে।
লকেটটির সঙ্গে কারিনার পারিবারিক সম্পর্কও রয়েছে। তার স্বামী সাইফ আলী খানের দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের নবাব হামিদুল্লাহ খানের মেয়ে। সাইফের বাবা মনসুর আলী খান পতৌদি পরিবারের উত্তরাধিকার সূত্রে গয়নাটি তাদের কাছে এসেছে বলে দাবি করা হয়েছে।
আব্বাস হাফিজ জানিয়েছেন, তিনি ব্যক্তিগত উদ্যোগে নোটিশটি পাঠিয়েছেন। এর সঙ্গে কংগ্রেস দলের কোনো সাংগঠনিক সিদ্ধান্ত বা সম্পৃক্ততা নেই।
এদিকে নোটিশে ভোপালের বেগমদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিষয়টিও তুলে ধরা হয়েছে। গয়নাটির পরিচয় ও ধর্মীয় তাৎপর্য বিবেচনায় এর উপস্থাপনায় আরও সতর্কতা প্রয়োজন বলে দাবি করেছেন নোটিশদাতা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কারিনা কাপুর খান কিংবা রিয়া কাপুরের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।



