সড়কপথে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান তিনি। তাঁর পোস্টের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। ফেসবুক পোস্টে তিশা লেখেন, মানিকগঞ্জে যাওয়ার পথে তিনি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। একই সঙ্গে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানে সবার সঙ্গে দেখা হওয়ার আশাও জানান তিনি। 
জানা গেছে, শনিবার মানিকগঞ্জে একটি শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন এই অভিনেত্রী। পথে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ায় শেষ পর্যন্ত অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা বাতিল করে ঢাকায় ফিরে আসেন তিনি। তবে কী ধরনের ঘটনা ঘটেছিল, সে বিষয়ে প্রথম পোস্টে বিস্তারিত জানাননি তানজিন তিশা। ফলে তাঁর ভক্তদের মধ্যে দুর্ঘটনার ধরন ও তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। পরবর্তী সময়ে আরেকটি ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি পরিষ্কার করেন অভিনেত্রী। 
সেখানে তিনি জানান, তাঁর গাড়ি দুর্ঘটনার শিকার হয়নি। ভক্তদের উদ্দেশে মজার ছলে তিনি লেখেন, ‘আরে ভাই, চুপ থাক তোরা, ঘুমা। আমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি।’ তানজিন তিশা দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটকে অভিনয় করছেন। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন। তাঁর সাম্প্রতিক পোস্ট ঘিরে তৈরি হওয়া উদ্বেগ দূর হলেও ঘটনাটি নিয়ে অনুসারীদের মধ্যে আলোচনা চলছে।