পর্দায় চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে শারীরিক পরিবর্তনের ঝুঁকি নিতেও পিছপা হননি বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। নতুন সিনেমার প্রয়োজনে বাড়তি ওজন নেওয়ার পর নাচের মহড়া থেকে শুরু করে শুটিং—সবখানেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে।
চরিত্রের প্রয়োজনে নিজের স্বাভাবিক শারীরিক গঠনে বড় পরিবর্তন এনেছিলেন শ্রদ্ধা কাপুর। নতুন সিনেমা ‘ইথা’র জন্য প্রায় ১০ থেকে ১২ কেজি ওজন বাড়ান এই বলিউড অভিনেত্রী। তবে এই পরিবর্তনই শুটিংয়ের সময় তার জন্য বাড়তি শারীরিক চ্যালেঞ্জ তৈরি করে। এমনকি কাজ শুরুর দ্বিতীয় দিনেই গুরুতর আঘাত পান তিনি।
সম্প্রতি সিনেমাটির নৃত্য পরিচালক বৈভবী মার্চেন্ট এক সাক্ষাৎকারে শ্রদ্ধার এমন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। ‘ভ্যারাইটি ইন্ডিয়া’কে তিনি জানান, বাড়তি ওজন নিয়ে দ্রুত নাচের মুদ্রা পরিবর্তন করা শ্রদ্ধার জন্য বেশ কঠিন হয়ে উঠেছিল। এতে হাঁটু ও পায়ের পেশিতে অতিরিক্ত চাপ পড়ছিল। শারীরিক সক্ষমতা ধরে রাখতেও বাড়তি পরিশ্রম করতে হয়েছে অভিনেত্রীকে।
বৈভবী জানান, পরিচালক লক্ষ্মণ উতেকর প্রচলিত ধারার বাইরে গিয়ে সিনেমার দৃশ্য ধারণের পরিকল্পনা করেন। শেষ পর্যায়ের গানের দৃশ্য দিয়েই শুটিং শুরু হয়েছিল। ফলে চরিত্রের জন্য ওজন বাড়ানোর পরপরই কঠিন নাচের অনুশীলনে নামতে হয় শ্রদ্ধাকে। প্রতিদিন এক ঘণ্টা করে ধাপে ধাপে মহড়া চালিয়ে নেওয়া হয়েছিল।
তবে বিপত্তি আরও বাড়ে শুটিংয়ের দ্বিতীয় দিনে। দুপুরের খাবারের বিরতির আগে খালি পায়ে নাচের দৃশ্য ধারণের সময় পায়ে আঘাত পান শ্রদ্ধা। বৈভবীর ভাষ্য অনুযায়ী, দিনের তাপে মেঝে উত্তপ্ত হয়ে যাওয়ায় নাচের সময় পায়ের সঙ্গে মেঝের ঘর্ষণ থেকে এই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল।
এই ঘটনার পর পুরো দলের মনোবল কিছুটা ধাক্কা খায়। পরে প্রায় ছয় সপ্তাহ থেকে দুই মাসের বিরতি এবং নিয়মিত ফিজিওথেরাপির মাধ্যমে আবার কাজে ফেরেন তারা। এরপর প্রতিটি লাবনি নাচের মহড়ার আগে ও পরে ওয়ার্মআপ, কুলডাউন এবং ফিজিওথেরাপি বাধ্যতামূলক করা হয়।
মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী তামাশা ও লাবনি নৃত্যসংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘ইথা’। শিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের জীবন থেকে অনুপ্রাণিত সিনেমাটিতে শ্রদ্ধা কাপুরের পাশাপাশি অভিনয় করেছেন রণদীপ হুদা, মোহাম্মদ জিশান আইয়ুব, সিদ্ধার্থ যাদব, ইশতিয়াক খান ও অনন্ত যোশী। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।



