রাজধানীর আজিমপুর এলাকা থেকে ছোটপর্দার অভিনেতা তমাল মাহবুবকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি মাঠসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, আটকের পর তমাল মাহবুবকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন ডিবিপ্রধান। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানা গেছে।
এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি।




