আসন্ন সিনেমা ‘রামায়ণ: পর্ব ১’ নিয়ে নানা আয়োজনে অংশ নিচ্ছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। ছবিটির প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি ভারতের টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বানেগা ক্রোড়পতি ১৮’-তে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় উঠে আসে তার পছন্দের জীবনসঙ্গীর প্রসঙ্গ।
অনুষ্ঠানের সঞ্চালক অমিতাভ বচ্চন জানতে চান, বিয়ের ক্ষেত্রে কেমন পুরুষকে পছন্দ করবেন সাই। জবাবে অভিনেত্রী জানান, তার কাছে মানুষের ব্যক্তিত্ব ও মানসিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমন একজন মানুষকে পাশে চান, যিনি নিজের চিন্তাভাবনা ও আচরণ নিয়ে সচেতন এবং প্রয়োজনে নিজেকে প্রশ্ন করার সাহস রাখেন।
সাইয়ের মতে, সম্পর্কে ভুল বোঝাবুঝি কিংবা ভুল সিদ্ধান্ত আসতেই পারে। কিন্তু সেসবের দায় অন্যের ওপর না চাপিয়ে নিজের ভুল মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। একই সঙ্গে ভুল শুধরে নেওয়ার ইচ্ছাও থাকা জরুরি। নিজের অবস্থান ও সীমাবদ্ধতা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকাকেও গুরুত্বপূর্ণ মনে করেন তিনি।
তবে জীবনসঙ্গীর যোগ্যতার তালিকায় একটি ঘরোয়া শর্তও রেখেছেন অভিনেত্রী। হাস্যরসের ছলে তিনি জানান, তার ভবিষ্যৎ সঙ্গী রান্না জানলে বেশ ভালো হয়। অর্থাৎ ব্যক্তিত্বের পাশাপাশি রান্নার হাত ভালো হওয়াটাও সাইয়ের কাছে বাড়তি আকর্ষণ।