৭৭ বছর বয়সেও শাস্ত্রীয় নৃত্যে নিজের দক্ষতা ও প্রাণবন্ত উপস্থিতির পরিচয় দিলেন বলিউড অভিনেত্রী হেমা মালিনী। নবরাত্রির প্রথম দিনে নিজের জনপ্রিয় নৃত্যনাট্য ‘দুর্গা’ পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছেন এই অভিনেত্রী ও নৃত্যশিল্পী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত ১১ অক্টোবর তেলেঙ্গানার ক্লাসিক কনভেনশন সেন্টারে আগরওয়াল সমাজ আয়োজিত ‘আগরা ডান্ডিয়া নবরাত্রি উৎসব’-এ নৃত্যনাট্যটি পরিবেশন করেন হেমা মালিনী। একই দিন ছিল মহারাজা আগরসেন জয়ন্তী।
অনুষ্ঠানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে নিজের অনুভূতি জানান তিনি। হেমা মালিনী লেখেন, নবরাত্রির প্রথম দিনে নিজের সবচেয়ে জনপ্রিয় নৃত্যনাট্য ‘দুর্গা’ পরিবেশন করতে পেরে তিনি বিশেষ আনন্দিত। এ অভিজ্ঞতাকে আশীর্বাদ হিসেবেও উল্লেখ করেন তিনি। ভরতনাট্যমে পারদর্শী হেমা মালিনী দীর্ঘদিন ধরে অভিনয়ের পাশাপাশি শাস্ত্রীয় নৃত্যচর্চা করে আসছেন। নৃত্যনাট্য ‘দুর্গা’য় দেবীর বিভিন্ন রূপ তুলে ধরে তিনি মঞ্চে নিজের শিল্পীসত্তার প্রকাশ ঘটান।
এর আগে দুই বছর আগে উত্তর প্রদেশের মথুরায় নবরাত্রির চতুর্থ দিনে প্রায় দুই ঘণ্টার একটি নৃত্যনাট্যে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেও দেবী দুর্গার বিভিন্ন রূপে তার পরিবেশনা দর্শকদের প্রশংসা কুড়ায়।
হেমা মালিনীর কাছে নৃত্য শুধু পরিবেশনা নয়, বরং ভক্তি, ধ্যান ও ঐতিহ্যের অংশ। তার মতে, চলচ্চিত্রে অভিনয়ের তুলনায় নৃত্য পরিবেশনার অভিজ্ঞতা ভিন্ন ধরনের পরিপূর্ণতা এনে দেয়। বয়স বাড়লেও শাস্ত্রীয় নৃত্যের প্রতি তার নিবেদন অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি




