কক্সবাজারের উখিয়ার ছোট ইনানীতে টানা ৩০ দিন ধরে জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ডাইভার্টার স্থাপনের মাধ্যমে আপাতত আগুন নিয়ন্ত্রণ করে নির্গত গ্যাস পাইপের মাধ্যমে প্রায় ৪০ ফুট দূরে সরিয়ে নেওয়া হয়েছে। তবে গ্যাসের নির্গমন পুরোপুরি বন্ধ হয়নি। স্থায়ীভাবে বন্ধ করার কাজ এখনো বাকি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে ইনানীতে আগুন নিয়ন্ত্রণে কারিগরি কার্যক্রম শুরু করেন বাপেক্সের প্রতিনিধিরা। শুক্রবার (২৭ নভেম্বর) সকালেও কাজ অব্যাহত থাকে। একপর্যায়ে কোনো দুর্ঘটনা ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বিশেষজ্ঞ দলের সদস্যরা। তবে ঘটনাস্থলে তাদের কারিগরি কার্যক্রম চলমান রয়েছে।
বাপেক্স কর্মকর্তা রকিবুল হাসান জানান, টানা ৩০ দিনের প্রচেষ্টায় প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন ও ডাইভার্টার ব্যবহারের মাধ্যমে গ্যাসের আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। জ্বলন্ত আগুনের মধ্যেই প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা ছিল সবচেয়ে কঠিন কাজ। শেষ পর্যন্ত সফলভাবে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে সেখানে ১৩ ফুট কেসিং পাইপ বসিয়ে ডাইভার্টারের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এর ফলে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাস পাইপের ভেতর দিয়ে প্রায় ৪০ ফুট দূরে গিয়ে নির্গত হচ্ছে। পরবর্তী ধাপে আগে খনন করা প্রায় এক হাজার ফুট গভীর বোরিংয়ে ড্রিল পাইপ প্রবেশ করানো হবে। এরপর বাপেক্সের হাই-প্রেশার সিমেন্টিং ইউনিট দিয়ে পানি ও বেনটোনাইটের মিশ্রণ পাম্প করে ভূগর্ভে গ্যাস বের হওয়ার পথ স্থায়ীভাবে বন্ধ করার পরিকল্পনা রয়েছে।
রকিবুল হাসান আরও জানান, আপাতত কাজের প্রথম ধাপ শেষ হয়েছে। পরবর্তী সময়ে ঘটনাস্থলে ভূতাত্ত্বিক জরিপের প্রস্তুতি নেওয়া হবে। এ জন্য প্রয়োজনীয় বেইজ তৈরি করতে হবে। জরিপ শেষ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে। এরপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে গ্যাসের সম্ভাব্য উৎস, ভূগর্ভস্থ কাঠামো ও মজুতের পরিমাণ নির্ধারণ করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর ছোট ইনানীতে আব্দুল্লাহ নামে এক ব্যক্তির মালিকানাধীন ভাড়াবাসার পাশে থাকা একটি পরিত্যক্ত নলকূপ দিয়ে প্রথমে পানি এবং পরে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে সেই গ্যাসে আগুন ধরে যায়। শুরুতে ঘটনাটিকে সীমিত পরিসরের ‘পকেট গ্যাস’ ধারণা করে প্রায় ১৫ দিন আগুন জ্বলতে দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের পরও আগুন অব্যাহত থাকায় বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়। পরে বাপেক্সের বিশেষজ্ঞরা সেখানে বড় ধরনের গ্যাসের উপস্থিতির সম্ভাবনা বিবেচনায় নিয়ে কারিগরি কার্যক্রম শুরু করেন।