জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন এবং মা ও স্ত্রীর সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের দায়ে মোঃ জসিম (৩০) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত মোঃ জসিম পৌর শহরের চর ভবশুর সরদারপাড়া এলাকার মনু মিয়ার ছেলে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সেবনের টাকার জন্য জসিম প্রায়ই সরদারপাড়া এলাকায় মা ও স্ত্রীর সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করতেন। কিছুদিন আগে তিনি নিজের বাড়িঘর ভাঙচুর করেন। পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।
পরে শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ডাদেশ দেন।
ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, মোঃ জসিম মাদক সেবন ও পরিবারের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের কথা স্বীকার করেছেন। এ কারণে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।