রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম আনার নির্ধারিত কার্যক্রম শেষ হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে প্রথম ইউনিটের নবম ও শেষ চালানটি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে প্রকল্প এলাকায় পৌঁছায়। এর মধ্য দিয়ে কেন্দ্রটির দুটি ইউনিটের জন্য নির্ধারিত সব পারমাণবিক জ্বালানি দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন হলো।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিটে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে। এর আগে প্রথম ইউনিটের জন্য দুটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালানে জ্বালানি আনা হয়। সব মিলিয়ে রাশিয়া থেকে নয়টি চালানে পারমাণবিক জ্বালানি পরিবহন করা হয়েছে।
এদিকে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহ কার্যক্রমও চলছে। গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় ইউনিটটি। ওই দিন টানা সাড়ে আট ঘণ্টার বেশি উৎপাদনের পর সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে পরীক্ষামূলক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়।
প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানিয়েছেন, ২৩ নভেম্বর থেকে দ্বিতীয় দফায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার পরীক্ষা চলছে।
প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের শুরুতে প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার লক্ষ্য রয়েছে। অন্যদিকে দ্বিতীয় ইউনিটের প্রয়োজনীয় জ্বালানি দেশে পৌঁছানোয় সেটির কমিশনিংয়ের প্রস্তুতিও এগিয়ে যাচ্ছে।
দুই দফায় পরীক্ষামূলক উৎপাদনের মাধ্যমে ইতিমধ্যে ৩৮ ঘণ্টার বেশি সময়ে প্রায় ৯ কোটি টাকার বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। সব মিলিয়ে ইউরেনিয়ামের শেষ চালান পৌঁছানো রূপপুর প্রকল্পের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।