ইউরোপের দেশ পর্তুগালে যাওয়ার স্বপ্ন নিয়ে ভারতে পাড়ি জমিয়েছিলেন নরসিংদীর পাঁচ যুবক। কিন্তু ভিসার আশায় গিয়ে পড়েন দালাল চক্রের ফাঁদে। পাসপোর্ট আটকে রেখে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর তাদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
পর্তুগালের ভিসা সংগ্রহের উদ্দেশ্যে ভারতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন নরসিংদীর পাঁচ যুবক। তাদের অভিযোগ, ভারতীয় একটি দালাল চক্র পাসপোর্ট আটকে রেখে ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। পরে সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তাদের। দেশে ফেরার পর ফেনীর পরশুরাম সীমান্ত এলাকায় অটোরিকশাসহ ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে পরশুরাম উপজেলার উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক পাঁচ যুবক হলেন নরসিংদীর রায়পুরা উপজেলার কাশিমনগর এলাকার সাজিদুল ইসলাম (২৮), মোহাম্মদ মোকসিদুল ইসলাম (২৬) ও কামাল উদ্দিন (২৬), দক্ষিণ মির্জানগর এলাকার মোয়াজ্জেম হোসেন (২৭) এবং আদিয়াবাদ এলাকার ফয়সাল মোল্লা (২৮)। তাদের বহনকারী অটোরিকশার চালক বেলাল হোসেন (৩৬) পরশুরাম পৌরসভার খন্দকিয়া গ্রামের ইসলাম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের মির্জানগর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের পর পাঁচ যুবক একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সুবর বাজার সড়ক হয়ে পরশুরামের দিকে যাচ্ছিলেন। পথে ছাত্রদলের নেতা-কর্মীরা অটোরিকশাটি থামানোর সংকেত দেন। কিন্তু চালক না থেমে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে উত্তর বাজার এলাকায় অটোরিকশাসহ ছয়জনকে আটক করা হয়। এরপর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন ও সদস্যসচিব কামরুল হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আতাহার হোসেন জানান, আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেশে ফেরাকে কেন্দ্র করে পরশুরাম সীমান্ত এলাকায় সতর্কতা জারি রয়েছে। বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরাও নিয়মিত পাহারা দিচ্ছেন।
আটক পাঁচ যুবকের ভাষ্য অনুযায়ী, গত ১৪ নভেম্বর তারা আখাউড়া স্থলবন্দর চেকপোস্ট দিয়ে বৈধভাবে ভারতে প্রবেশ করেন। তাদের লক্ষ্য ছিল পর্তুগালের ভিসা সংগ্রহ করা। কিন্তু সেখানে পৌঁছানোর পর একটি দালাল চক্রের সঙ্গে যোগাযোগ হয়। একপর্যায়ে চক্রটি তাদের পাসপোর্ট নিজেদের কাছে আটকে রেখে ৯ লাখ ৭০ হাজার টাকা নিয়ে নেয়। পরে ভারতের জয়ন্তীনগর, বীরচন্দ্রনগর ও মেলাঘর সীমান্ত এলাকার কোনো একটি স্থান দিয়ে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
ভুক্তভোগীরা জানিয়েছেন, প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও আটক ব্যক্তিরা একই ধরনের তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের দেওয়া বক্তব্য যাচাই করা হচ্ছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, পাঁচ যুবক বৈধ পথে ভারতে গিয়েছিলেন। তাদের পরিচয় ও অন্যান্য তথ্য নিশ্চিত হতে সংশ্লিষ্ট থানাগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে প্রবেশের বিষয়টি এবং অনুপ্রবেশের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের একজন বাদী হয়ে মানব পাচার চক্রের সদস্য ও দালালদের বিরুদ্ধে মামলা করবেন। বাকি চারজন ওই মামলায় সাক্ষী থাকবেন। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানোর কথা রয়েছে। আদালতে জবানবন্দি গ্রহণের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



