খাগড়াছড়ির রামগড়ে এক প্রবাসীর স্ত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শাহাদাত হোসেন (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ওই নারীর বাসায় গিয়ে জোরপূর্বক নিপীড়নের চেষ্টা করলে প্রতিবেশীরা তাকে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেওয়া হয়।
গ্রেপ্তার শাহাদাত হোসেন রামগড় পৌরসভার চৌধুরীপাড়ার বাসিন্দা।
পুলিশ ও ভুক্তভোগীর এজাহার সূত্রে জানা যায়, গত এক মাস ধরে শাহাদাত ইমোতে ওই নারীকে ফোন করে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই নারীর বাসায় গিয়ে জোরপূর্বক তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন, পরনের কাপড় টানাটানি করেন এবং একপর্যায়ে তাকে জড়িয়ে ধরেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় ওই নারীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে শাহাদাতকে আটক করেন। পরে ৯৯৯-এ খবর দেওয়া হলে রামগড় থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এর ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারায় মামলা (নম্বর-৫) করা হয়েছে। ওই মামলায় শাহাদাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিধি অনুযায়ী তাকে খাগড়াছড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।



