দুর্যোগে মানুষের জীবন রক্ষার উদ্দেশ্যে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে কেনা হয়েছিল দুটি আধুনিক উদ্ধারকারী নৌযান। কিন্তু চার বছরের বেশি সময় পেরিয়ে গেলেও একবারও কাজে লাগেনি সেগুলো। উল্টো অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে সরকারি অর্থে কেনা বোট দুটি।
শেরপুরে বন্যা ও পাহাড়ি ঢলে আটকে পড়া মানুষকে উদ্ধারের জন্য বরাদ্দ দেওয়া দুটি রেসকিউ বোট এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন ব্যবহার না করায় নৌযান দুটির বিভিন্ন অংশে মরিচা ধরেছে। এর মধ্যে মূল্যবান যন্ত্রাংশও খোয়া গেছে। পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না থাকায় কোটি টাকার সরকারি সম্পদ কার্যত অকেজো হয়ে পড়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৬ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় গজনী-১ ও গজনী-২ নামে বোট দুটি বরাদ্দ দেওয়া হয়। এগুলো কিনতে ব্যয় হয়েছিল ১ কোটি ৮০ লাখ টাকা। প্রতিটি নৌযানে একসঙ্গে ৮০ জন যাতায়াত করতে পারেন। বোটগুলোর দৈর্ঘ্য ৫৪ ফুট এবং প্রস্থ সাড়ে ১২ ফুট।
শেরপুরে বর্ষা এলেই পাহাড়ি ঢল ও বন্যায় বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়। বিশেষ করে সদর উপজেলার চরাঞ্চলের মানুষকে বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হয়। এমন পরিস্থিতিতে অসুস্থ ব্যক্তি, শিশু ও বয়স্কদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথা ছিল বোট দুটির মাধ্যমে। কিন্তু বাস্তবে সেই উদ্যোগ আলোর মুখ দেখেনি।
বর্তমানে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ভাটিপাড়া এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র ও দশানী নদীর সংযোগস্থলে বোট দুটি পড়ে আছে। গত ২৮ অক্টোবর সরেজমিনে দেখা যায়, একটি নৌযানের অংশবিশেষ তীরে উঠে থাকলেও বাকি অংশ পানিতে রয়েছে। অন্যটি প্রায় ডুবে যাওয়ার অবস্থায়। দীর্ঘদিন রোদ-বৃষ্টিতে পড়ে থাকায় সেগুলোর অবস্থা আরও খারাপ হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বন্যার সময় নিজেদের উদ্যোগেই নৌকা নিয়ে চলাচল করতে হয় তাদের। বোট দুটি সচল থাকলে দুর্গত মানুষের যাতায়াত ও জরুরি উদ্ধারকাজে বড় ধরনের সহায়তা পাওয়া যেত। কিন্তু এত টাকা ব্যয়ে কেনা নৌযানগুলো কোনো দিনই তাদের কাজে আসেনি।
কামারেরচর ইউনিয়নের পয়াস্তিরচর এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম জানান, বর্ষায় গ্রামের সড়ক পানিতে তলিয়ে গেলে এলাকাটি কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া কিংবা শিশু ও বয়স্কদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া কঠিন হয়ে যায়। বোট দুটি চালু থাকলে এসব সমস্যার অনেকটাই সমাধান হতো।
এদিকে নৌযান পরিচালনার দায়িত্বে থাকা দুই চালকও বেতন না পেয়ে চাকরি ছেড়ে দিয়েছেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা যায়, সাইদুল ইসলাম ও সমেশ সাংমা নামের দুজনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল। প্রায় দেড় বছর দায়িত্ব পালন করলেও তারা ১৮ মাসের মধ্যে মাত্র পাঁচ মাসের বেতন পেয়েছিলেন। বকেয়া ছিল আরও ১৩ মাসের বেতন-ভাতা। শেষ পর্যন্ত ২০২৩ সালের অক্টোবরে তারা দায়িত্ব ছেড়ে দেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানিয়েছেন, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর বোট পরিচালনা, জ্বালানি ও রক্ষণাবেক্ষণের জন্য কোনো অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। চালকদের বেতন দেওয়ার ব্যবস্থাও না থাকায় তারা চলে গেছেন। বোট দুটি মেরামত করে পুনরায় চালুর জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। অনুমোদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কামারেরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাঈদও বোট দুটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। তার মতে, এগুলো উদ্ধারকাজে যুক্ত করা গেলে প্রতি বছর বন্যায় বিপাকে পড়া এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে।