শ্রীলঙ্কার জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি সিনেমা। ভিন্ন তিন বিভাগে আন্তর্জাতিক চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেবে ছবিগুলো।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের উপস্থিতি আরও বিস্তৃত হচ্ছে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য দ্বাদশ জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিনটি সিনেমা প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। আগামী ২ থেকে ৬ ডিসেম্বর জাফনায় বসবে পাঁচ দিনব্যাপী এই আয়োজন।
নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে পিপলু আর খানের পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘জয়া আর শারমিন’, মাখবুল চৌধুরীর প্রামাণ্যচিত্র ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডো’ এবং মোহাম্মদ ফখরুল আলমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেমোরিজ অ্যান্ড মিজারিজ’। উৎসবের প্রকাশিত প্রতিযোগিতার তালিকায় তিনটি ছবির নাম রয়েছে। ‘জয়া আর শারমিন’-এর প্রযোজক ও নির্মাতা আবু শাহেদ ইমনও বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম ছবির নির্মাতাদের বিভাগে সাতটি দেশের সাতটি চলচ্চিত্রের সঙ্গে লড়বে ‘জয়া আর শারমিন’। এই বিভাগে বাংলাদেশ থেকে নির্বাচিত একমাত্র সিনেমা এটি। প্রতিযোগিতায় আরও রয়েছে ভারতের ‘গণরাগ’, ‘মিউজিয়াম অব ড্রিমস’ ও ‘ভাসারা: দ্য চোজেন ডে’, ভারত-সৌদি আরবের যৌথ প্রযোজনার ‘সেলভি’, শ্রীলঙ্কার ‘সিলিলারে’ এবং রাশিয়ার ‘অ্যানাদার ওয়ার্ল্ড’।
করোনাকালের লকডাউনে মাত্র ১৫ দিনে সীমিতসংখ্যক কলাকুশলী নিয়ে নির্মিত হয় ‘জয়া আর শারমিন’। ছবিতে জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার গৃহকর্মী শারমিনের ভূমিকায় রয়েছেন মহসিনা আক্তার। একই বাড়িতে আটকে পড়া দুই নারীর জীবনের মধ্য দিয়ে নিঃসঙ্গতা, শ্রেণিবৈষম্য, নির্ভরশীলতা ও মানবিক সম্পর্কের পরিবর্তন তুলে ধরা হয়েছে।
২০২৫ সালের ১৬ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। একই বছরের ২৫ সেপ্টেম্বর থেকে চরকি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে এটি। এর আগে কলকাতার পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্র হিসেবে ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’ অর্জন করে ছবিটি। দেশেও মেরিল-প্রথম আলো ও গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেয়েছে সিনেমাটি।
অন্যদিকে, উৎসবের ‘নিউ এশিয়ান কারেন্টস (ডকুমেন্টারি)’ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে মাখবুল চৌধুরীর প্রামাণ্যচিত্র ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডো’। বাংলাদেশ ও যুক্তরাজ্যের যৌথ প্রযোজনায় নির্মিত ৬০ মিনিটের এই চলচ্চিত্রে আলোকচিত্রী নাসির আলী মামুনের চার দশকের শিল্পীজীবন ও সৃজনযাত্রা তুলে ধরা হয়েছে। গত সেপ্টেম্বরে কলকাতার ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে জুরি মেনশন পাওয়া ছবিটি জাফনায় আরও ছয়টি প্রামাণ্যচিত্রের সঙ্গে প্রতিযোগিতা করবে।
এ ছাড়া ‘শর্ট ফিল্মস ইন্টারন্যাশনাল’ বিভাগে স্থান পেয়েছে মোহাম্মদ ফখরুল আলমের ১২ মিনিটের পরীক্ষামূলক ছবি ‘মেমোরিজ অ্যান্ড মিজারিজ’। এতে অভিনয় করেছেন শরীফ সিরাজ, খালিদ হাসান রুমি ও নির্মাতা নিজে। ছবিটির নেপথ্য কণ্ঠ দিয়েছেন আরিক আনাম খান। এ বিভাগে বাংলাদেশ ছাড়াও ভারত, রাশিয়া, কানাডা, তাইওয়ান, ইতালি ও ইরানের মোট ১৪টি চলচ্চিত্র প্রতিযোগিতা করবে।
স্বাধীন চলচ্চিত্র নির্মাণকে উৎসাহিত করা এবং নির্মাতা ও দর্শকদের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ তৈরির উদ্দেশ্যে ২০১৫ সালে শুরু হয় জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সাংস্কৃতিক সংগঠন ‘এজেন্ডা ১৪’ প্রতিবছর এই উৎসবের আয়োজন করে।