বলিউডে দীর্ঘ অভিনয়জীবনে রোমান্টিক নায়ক হিসেবেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান। তবে এবার বয়সের সঙ্গে তাল মিলিয়ে পর্দায় নিজেকে নতুনভাবে তুলে ধরতে চান তিনি। আসন্ন সিনেমা ‘কিং’-এ ধূসর চুলের ভিন্ন এক অবতারে দেখা যাবে বলিউড বাদশাকে।
বয়স বাড়লেও নায়ক হওয়ার স্বপ্ন থেকে সরে আসতে চান না শাহরুখ খান। বরং ৬১ বছর বয়সে এসে নিজের বয়সের সঙ্গে মানানসই চরিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে নিজের এই পরিবর্তনের পেছনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেতা।
শুক্রবার মেটা আয়োজিত ওই অনুষ্ঠানে পরিচালক করণ জোহরের সঙ্গে উপস্থিত ছিলেন শাহরুখ। সেখানে নিজের আগামী সিনেমা ‘কিং’ নিয়ে আলোচনার একপর্যায়ে বয়স অনুযায়ী চরিত্র নির্বাচনের প্রসঙ্গ উঠে আসে।
শাহরুখ জানান, অভিনয়জীবনের শুরু থেকেই নায়ক হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। শুরুতে নিজেকে খুব বেশি সুদর্শন মনে না করলেও যখন নায়ক হওয়ার সুযোগ পেয়েছেন, তখন সেটিকে সব সময় গুরুত্বের সঙ্গে নিয়েছেন।
তবে সময়ের সঙ্গে নিজের অভিনয় ও চরিত্র নিয়ে ভাবনায় পরিবর্তন এসেছে। এর পেছনে রয়েছে একটি বিশেষ অভিজ্ঞতা। একবার সিনেমার শুটিংয়ে এক তরুণী অভিনেত্রীর সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করছিলেন তিনি। প্রেমের সংলাপ বলতে গিয়ে হঠাৎ তাঁর মনে হয়, পর্দায় যাঁকে ভালোবাসার কথা বলছেন, তার বয়স তো নিজের মেয়ের কাছাকাছি!
বিষয়টি মজার ছলে তুলে ধরে শাহরুখ বলেন, তিনি ওই অভিনেত্রীকে ভালোবাসার কথা বলছিলেন এবং তার চোখে হারিয়ে যাওয়ার মতো রোমান্টিক সংলাপ দিচ্ছিলেন। কিন্তু হঠাৎ মনে হয়েছিল, সংলাপের বদলে তাকে জিজ্ঞেস করেন, পরদিনের গণিতের বাড়ির কাজ শেষ হয়েছে কি না!
এই অভিজ্ঞতাই তাকে নিজের বয়স অনুযায়ী চরিত্র বেছে নেওয়ার বিষয়ে নতুন করে ভাবতে সাহায্য করেছে। তার সঙ্গে অভিনয় করা তরুণী নায়িকাদের বয়সের পার্থক্য উপলব্ধি করেই পর্দায় নিজের প্রকৃত বয়সকে তুলে ধরার সিদ্ধান্ত নেন তিনি।
শাহরুখের মতে, ৬১ বছর বয়সেও একজন মানুষ নায়ক হতে পারেন। তবে সেই নায়ককে পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলতে চরিত্র, সংলাপ ও ব্যক্তিত্বের সঙ্গে বয়সের সামঞ্জস্য থাকা প্রয়োজন। এবার দর্শকের সামনে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে চান তিনি।
পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমায় শাহরুখকে দেখা যাবে ধূসর চুলের নতুন অবতারে। সিনেমাটিতে তার মেয়ে সুহানা খানও অভিনয় করছেন। এই ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে সুহানার।
এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, রানি মুখোপাধ্যায়, জয়দীপ অহলাওয়াত, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল ও অভয় বর্মা। সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবির ‘ড্যাডি কুল’ গান, যেখানে দেখা গেছে কারিনা কাপুরকেও।
আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’ সিনেমাটির। নতুন লুকে শাহরুখকে দর্শক কীভাবে গ্রহণ করেন, এখন সেটিই দেখার অপেক্ষা।




