নোয়াখালীর কোম্পানীগঞ্জে মধ্যরাতে সড়কে আগুন জ্বালিয়ে ও গাছ ফেলে অবরোধের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে উপজেলার দুটি সড়কে যান চলাচল ব্যাহত হয়।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে বসুরহাট পৌরসভার বসুরহাট-দাগনভুঞা এবং বসুরহাট-চৌধুরীহাট সড়কে এসব ঘটনা ঘটে। রোববার সকালে সড়কে অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামে বসুরহাট-দাগনভুঞা সড়কে আগুন জ্বালিয়ে স্লোগান দেন ৫-৬ জন। তাদের নেতৃত্বে ছিলেন কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের নেতা ওয়াসিম ও ফারুক প্রকাশ হাতকাটা ফারুক বলে জানা গেছে। এ সময় তারা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে সেই দৃশ্য ফেসবুক পেজে প্রকাশ করেন।
অন্যদিকে, একই রাতে বসুরহাট-চৌধুরীহাট সড়কে গাছ কেটে ফেলে রেখে অবরোধ সৃষ্টি করে দুর্বৃত্তরা। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে গাছ সরানোর ব্যবস্থা করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বলতে শোনা যায়, আবদুল কাদের মির্জার নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ রয়েছেন এবং তার নেতৃত্বেই কর্মসূচি সফল করেছেন। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়া হয়। ভিডিওতে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের দৃশ্যও দেখা যায় বলে জানা গেছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।