জ্বালানি আমদানির ব্যয় কমাতে নতুন উৎস ও পরিবহনব্যবস্থা নিয়ে ভাবছে সরকার। যুক্তরাষ্ট্র থেকে বড় জাহাজে এলপিজি আনার পাশাপাশি আগামী বছরের মার্চের পর আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এলএনজি কেনা বন্ধের পরিকল্পনাও রয়েছে।
জ্বালানি সরবরাহে ব্যয় সংকোচন ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানি কৌশলে পরিবর্তন আনতে চায় সরকার। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে বৃহদাকারের গ্যাসবাহী জাহাজে (ভিএলজিসি) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আনার সম্ভাবনা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে আগামী বছরের মার্চের পর অস্থির আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার নির্ভরতা কমানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।
রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‍্যাপিড) আয়োজিত জ্বালানি সংকটবিষয়ক এক সংলাপে এসব পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ এলপিজি উদ্বৃত্ত রয়েছে। ছোট জাহাজের পরিবর্তে বড় জাহাজ ব্যবহার করে সেখান থেকে জ্বালানি আমদানি করা গেলে পরিবহন ব্যয় কমবে। এতে প্রতি একক জ্বালানি আমদানিতে খরচ সাশ্রয় সম্ভব হবে।
এ ধরনের আমদানি কার্যক্রম সহজ করতে দেশের কয়েকটি এলাকায় অবকাঠামো উন্নয়নের চিন্তাও করছে সরকার। মহেশখালী, মাতারবাড়ী ও মোংলায় এলপিজি অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি বাগেরহাট ও এলেঙ্গায় সংরক্ষণ এবং বোতলজাতকরণ সুবিধা তৈরির পরিকল্পনা রয়েছে।
এলএনজি আমদানি পরিস্থিতি তুলে ধরে উপদেষ্টা জানান, ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাংলাদেশকে প্রায় ৫৫টি এলএনজি কার্গো বাতিল করতে হয়েছিল। এতে সরবরাহে ঘাটতি তৈরি হলে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে বেশি দামে জ্বালানি কিনতে হয়। এ অভিজ্ঞতা থেকে ভবিষ্যতে আমদানির বিকল্প ব্যবস্থা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী বছরের মার্চের পর স্পট মার্কেট থেকে এলএনজি না কেনার পরিকল্পনার কথাও জানান তিনি।
বিকল্প মূল্য নির্ধারণ পদ্ধতির বিষয়ে ড. তিতুমীর বলেন, হেনরি হাবের সঙ্গে সংযুক্ত মূল্যব্যবস্থাসহ আন্তর্জাতিক বাজারের অন্যান্য পদ্ধতি বিবেচনা করা হচ্ছে। দেশে গ্যাস অনুসন্ধানের মাধ্যমে তুলনামূলক কম খরচে জ্বালানি পাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও ব্যয়বহুল আমদানির ওপর নির্ভরতা কেন বাড়বে, সেই প্রশ্নও তোলেন তিনি।
উপদেষ্টার মতে, জ্বালানি নিরাপত্তা বলতে শুধু বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়ানো বোঝায় না। বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সরকারি ভর্তুকি ও বৈদেশিক লেনদেনে অতিরিক্ত চাপ সৃষ্টি না করে নিরবচ্ছিন্ন এবং সাশ্রয়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করাই এর মূল লক্ষ্য হওয়া উচিত।
তিনি আরও জানান, মহেশখালীর কুতুবজোমে দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট সক্ষমতার তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট সক্ষমতার একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনার অংশ হিসেবে দেশীয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার দক্ষতা উন্নয়ন এবং আমদানিনির্ভরতা কমানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। ২০৩০ সালের মধ্যে মোট জ্বালানির ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান উপদেষ্টা।