সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ থেকে বলিউড—সবখানেই নিজের স্বতন্ত্র পরিচয় গড়েছেন সুস্মিতা সেন। তবে অভিনয় ও সাফল্যের বাইরেও তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম থেকে আইপিএলের সাবেক কর্ণধার ললিত মোদি, বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে তার নাম জড়িয়েছে। কারও সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছেন, আবার কিছু ঘটনা শেষ পর্যন্ত গুঞ্জনেই সীমাবদ্ধ থেকেছে।
সুস্মিতার প্রেমের আলোচনায় প্রথম দিকেই উঠে আসে চিত্রনাট্যকার বিক্রম ভাটের নাম। বলিউডে কাজ শুরুর সময় তাদের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা তৈরি হয়। পরবর্তী সময়ে অভিনেতা রণদীপ হুদার সঙ্গে তার সম্পর্ক প্রকাশ্যে আসে। ২০০৬ সালে শুরু হওয়া এই সম্পর্ক প্রায় তিন বছর টিকে ছিল। নির্মাতা মুদাসসর আজিজ এবং ব্যবসায়ী ঋত্বিক ভাসিনের সঙ্গেও তার প্রেমের খবর বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে এসেছে।
পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের সঙ্গে সুস্মিতার সম্পর্ক নিয়েও একসময় ব্যাপক আলোচনা হয়। ২০০৮ সালে একটি নাচের রিয়েলিটি শোতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে দুজনের পরিচয়। পাঁচ বছর পর তাদের বিয়ের সম্ভাবনা নিয়ে খবর ছড়িয়ে পড়ে। তবে সুস্মিতা সেই দাবি নাকচ করে আকরামকে কেবল বন্ধু হিসেবে উল্লেখ করেন। ওয়াসিমও বিয়ের খবরকে ভিত্তিহীন বলে জানান।
এরপর মডেল রেহমান শালের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক বেশ আলোচনায় আসে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের একসঙ্গে বিভিন্ন মুহূর্ত দেখা যেত। তবে ২০২১ সালের ডিসেম্বরে ইনস্টাগ্রামে বিচ্ছেদের ঘোষণা দেন সুস্মিতা। একই সঙ্গে জানান, সম্পর্কের সমাপ্তি ঘটলেও দুজনের বন্ধুত্বে কোনো ছেদ পড়েনি।
২০২২ সালে নতুন করে আলোচনার কেন্দ্রে আসেন সুস্মিতা। ওই বছরের জুলাইয়ে আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ কিছু ছবি প্রকাশ করে তাদের সম্পর্কের কথা জানান। এরপর বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিন্তু সুস্মিতা পরিষ্কার করে দেন, তাদের বিয়ে হয়নি, এমনকি বাগদানও সম্পন্ন হয়নি।
১৯৯৪ সালে মাত্র ১৮ বছর বয়সে মিস ইন্ডিয়া হওয়ার পর একই বছর মিস ইউনিভার্সের শিরোপা জয় করেন সুস্মিতা। ‘বিবি নাম্বার ওয়ান’, ‘ম্যায় হুঁ না’ ও ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান। দীর্ঘ বিরতির পর ‘আরিয়া’ সিরিজের মাধ্যমে আবারও অভিনয়ে নিজের শক্ত অবস্থান জানান দেন।
প্রেমের সম্পর্কের বাইরেও মাতৃত্বকে জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বেছে নিয়েছেন এই অভিনেত্রী। ২০০০ সালে রেনে এবং ২০১০ সালে আলিশাহকে দত্তক নেন তিনি। দুই মেয়েকে নিয়েই তার সংসার।
২০২৪ সালে রিয়া চক্রবর্তীর অনুষ্ঠান ‘চ্যাপ্টার ২’-এ নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন সুস্মিতা। সেখানে জানান, প্রায় তিন বছর ধরে কোনো প্রেমের সম্পর্কে নেই তিনি।
বর্ণাঢ্য ক্যারিয়ার, একাধিক আলোচিত সম্পর্ক এবং নিজের শর্তে জীবন পরিচালনার সাহস—সব মিলিয়ে সুস্মিতা সেন বরাবরই বলিউডের আলোচিত ব্যক্তিত্বদের একজন।
সূত্র: এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।




