পর্দায় দেবরাজ ইন্দ্রের আবির্ভাব অল্প সময়ের জন্য হলেও দর্শকদের মনে দাগ কেটেছেন অভিনেতা কুণাল কাপুর। ‘রামায়ণ’ ছবিতে তার উপস্থিতি এবার ভারতের গণ্ডি পেরিয়ে আলোচনায় জায়গা করে নিয়েছে থাইল্যান্ডেও। দেশটির দর্শকদের উচ্ছ্বাস এতটাই বেশি যে, প্রিয় অভিনেতাকে সরাসরি থাইল্যান্ডে আমন্ত্রণ জানাচ্ছেন অনেকে।
ছবিতে ইন্দ্রের ভূমিকায় কুণালকে দেখা গেছে মাত্র তিনটি দৃশ্যে। তবে তার রাজকীয় সাজসজ্জা, ব্যক্তিত্ব ও পর্দায় উপস্থিতি দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। বিশেষ করে আকাশপথে সাদা হাতি ঐরাবতের পিঠে চড়ে ইন্দ্রের প্রবেশের দৃশ্যটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
কাহিনিতে অসুররাজ সুমালীর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হলেও পরবর্তী সময়ে রাবণের কাছে পরাজিত হন দেবরাজ ইন্দ্র। রাবণকে পরাস্ত করার জন্য শেষ পর্যন্ত বিষ্ণুর দ্বারস্থ হন তিনি। ছবিতে এই ঘটনাগুলোয় কুণালের অভিনয় দর্শকদের নজর কেড়েছে।
থাইল্যান্ডের সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতাকে নিয়ে প্রশংসার বন্যা বইছে। কেউ তাঁর সৌন্দর্যকে স্বর্গীয় বলে বর্ণনা করছেন, আবার কেউ ইন্দ্রের বজ্রের সঙ্গে তুলনা করছেন তাঁর ব্যক্তিত্বকে। ছবির দৃশ্যের পাশাপাশি শুটিংয়ের পেছনের মুহূর্তগুলোও ভাগ করে নিচ্ছেন অনুরাগীরা।
কুণালকে ঘিরে এই আগ্রহের পেছনে রয়েছে থাইল্যান্ডের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যও। দেশটিতে দেবরাজ ইন্দ্র পরিচিত ‘ফ্রা ইন’ কিংবা ‘থাও সাক্কা’ নামে। হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতিতে তাঁর বিশেষ অবস্থান রয়েছে। বৌদ্ধ ঐতিহ্যে ইন্দ্রকে বুদ্ধের একজন রক্ষক হিসেবেও সম্মান করা হয়।
ব্যাংককের সঙ্গে ইন্দ্রের সম্পর্কও স্থানীয় সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ইন্দ্রের নির্দেশে বিশ্বকর্মা শহরটি নির্মাণ করেছিলেন। ব্যাংককের সরকারি প্রতীকেও সাদা হাতি এরাওয়ানের পিঠে ইন্দ্রের উপস্থিতি রয়েছে। ফলে ‘রামায়ণ’-এ এই দেবতার চরিত্রে কুণালের অভিনয় থাইল্যান্ডের দর্শকদের বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
এদিকে, ভক্তদের আমন্ত্রণে সাড়া দিয়ে কুণাল জানিয়েছেন, থাইল্যান্ড তার কাছে অপরিচিত কোনো দেশ নয়। তার বোন সেখানে বসবাস করেন। সে কারণে দেশটিকে নিজের দ্বিতীয় বাড়ির মতোই মনে করেন অভিনেতা।