বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারি ব্যবস্থাপনায় আনার বিষয়ে উদ্যোগী হয়েছে সরকার। এ লক্ষ্যে জাতীয়করণের সম্ভাব্যতা, শর্ত ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসছেন সরকারের নীতিনির্ধারকেরা। আগামী রবিবার (১৫ নভেম্বর) সচিবালয়ে এ বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনের ৬১০-৬১২ নম্বর কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বিশেষ সহকারী সিদ্দিক জুবায়েরের অংশ নেওয়ার কথা রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। সভায় যোগ দিতে ১৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বৈঠকের মূল আলোচনায় থাকবে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের আওতায় আনার পদ্ধতি নির্ধারণ। এ জন্য কী ধরনের নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন, কোন শর্তে বিদ্যালয়গুলো অন্তর্ভুক্ত হবে এবং কীভাবে পুরো প্রক্রিয়া বাস্তবায়ন করা যায়, তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
তবে জাতীয়করণের আওতায় কতটি বিদ্যালয় আসতে পারে, কোন প্রতিষ্ঠানগুলো অগ্রাধিকার পাবে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য কী যোগ্যতা নির্ধারণ করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
রবিবারের বৈঠকেই জাতীয়করণের বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। প্রাথমিক আলোচনার পর বিদ্যালয়গুলোর তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও সম্ভাব্যতা পর্যালোচনার সিদ্ধান্তও আসতে পারে। তাই বৈঠকের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষক ও কর্তৃপক্ষ।