#সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ এবং পেট্রাপোল সীমান্তে তাকে দেশে ফেরার আহ্বান জানিয়ে সমাবেশের পর বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি।
রবিবার (২২ নভেম্বর) বিকেল থেকে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও আশপাশের এলাকায় বিজিবির বাড়তি তৎপরতা দেখা যায়। বিকেলে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক মেজর মাসেদুল।
ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ পর্যালোচনা করতে আওয়ামী লীগের চার নেতা বেনাপোল-পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। তাদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীর কবীর নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও আলাউদ্দিন নাসিম।
তবে শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়েই ফিরবেন, এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা এসব প্রতিবেদনে বলা হয়নি। সম্ভাব্য প্রবেশপথ হিসেবে সাতক্ষীরার ঘোজাডাঙা, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এবং ত্রিপুরা সীমান্তের কয়েকটি পথের কথাও উল্লেখ করা হয়েছে।
এদিকে ভারতের পেট্রাপোল সীমান্তে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে রোববার সমাবেশ করেছে দেশটির কয়েকটি সংগঠন। এতে পশ্চিমবঙ্গের মন্ত্রী অশোক কীর্তনীয়া ও বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ কয়েকজন রাজনৈতিক নেতা অংশ নেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
সমাবেশে বক্তব্য দেওয়ার সময় স্বপন মজুমদার শেখ হাসিনাকে পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে আসার আহ্বান জানান। একই প্রসঙ্গ উঠে আসে মন্ত্রী অশোক কীর্তনীয়ার বক্তব্যেও বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এমন পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা নিয়ে বিজিবির তৎপরতা বাড়ানো হয়েছে। ৪৯ বিজিবির সহকারী অধিনায়ক মেজর মাসেদুল জানান, সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত ও অনুপ্রবেশ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে প্রতিদিন ভারত-বাংলাদেশের মধ্যে বিপুল পরিমাণ পণ্য আমদানি-রপ্তানি হয়। একই সঙ্গে আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাতায়াত করেন বহু পাসপোর্টধারী যাত্রী। এ কারণে সীমান্তে স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
তবে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন, আওয়ামী লীগের নেতাদের সীমান্ত পরিদর্শন এবং তাঁদের পরবর্তী কর্মসূচি নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ সরকার, বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট নেতাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।