সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রদল।
রবিবার (২২ নভেম্বর) বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ সিদ্ধান্তটি কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, ২০২০ সালে জুয়েল রানাকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান তারেককে সাধারণ সম্পাদক করে নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল। একই সময়ে রাকিবুল হাসান পলিনকে সভাপতি এবং নুরনবীকে সাধারণ সম্পাদক করে পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।
বিলুপ্ত উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যেই জেলা ছাত্রদল উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত করেছে।




