বরিশালের বাকেরগঞ্জে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি অধ্যক্ষ মো. ইউনুস খানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (২২ নভেম্বর) উপজেলা বিএনপির উদ্যোগে কবর জিয়ারত, স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সকালে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের নেতৃত্বে উপজেলা বিএনপির একটি প্রতিনিধিদল বরিশাল ইসলামিয়া কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ ইউনুস খানের কবরে শ্রদ্ধা জানায়। এ সময় তারা ফাতেহা পাঠ ও মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
পরে সন্ধ্যায় বাকেরগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহীন, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নাসির উদ্দীন হাওলাদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় আবুল হোসেন খান অধ্যক্ষ ইউনুস খানের রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন। পরে তার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, অধ্যক্ষ মো. ইউনুস খান বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, বরিশাল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বরিশাল ইসলামিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। তিনি ১৯৯৪ সালের ২২ নভেম্বর মৃত্যুবরণ করেন।