চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মো. আনাছ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মরিয়ম আক্তার নামে আরেক শিশু গুরুতর দগ্ধ হয়েছে। তার শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের আতিক মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আনাছ ও আহত মরিয়ম ওই বাড়ির মো. নাজির আহম্মেদের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার খবর পেয়ে জেসমিন বেগম ঘরের দরজা বন্ধ করে বাড়ির সামনের সড়কে যান। এর কিছুক্ষণ পরই তার বসতঘরে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরেও। এ সময় দুই শিশু ঘরের মধ্যে ঘুমিয়ে ছিল। আগুনের তীব্রতার কারণে স্থানীয়রা চেষ্টা করেও ঘরে ঢুকতে পারেননি।
খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘরের ভেতর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। ততক্ষণে আনাছের মৃত্যু হয়। অপর শিশু মরিয়মকে টিনের নিচ থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় মো. মিজানুর রহমানের দুই ছেলে নাজির আহম্মেদ ও নেছার আহম্মেদের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্র, তৈজসপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে। পরনের কাপড় ছাড়া পরিবার দুটির আর কিছুই অবশিষ্ট নেই বলে জানিয়েছেন স্বজনরা।
প্রত্যক্ষদর্শী শামছুল আলম টুটুল বলেন, ঘরের দরজা বন্ধ থাকায় এবং আগুনের তীব্রতা বেশি হওয়ায় কেউ ভেতরে ঢুকে শিশু দুটিকে উদ্ধার করতে পারেননি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি সহায়তার দাবি জানান তিনি।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খাঁন খলিলুর রহমান জানান, স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘরে বিদ্যুতের সংযোগ ও গ্যাস সিলিন্ডার ছিল। আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
হাজীগঞ্জ থানার ওসি মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে গেছে। এক শিশুর মৃত্যু হয়েছে এবং অপর শিশু আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে জায়েদ হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি সংসদ সদস্য ও জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা করা হবে।
দুই শিশুর একজনের মৃত্যু ও অপরজনের আশঙ্কাজনক অবস্থার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।