বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তি ও নতুন ধারণাকে বাস্তব অর্থনীতিতে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। এ লক্ষ্যে দেশের ১০টি শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে পারস্পরিক সহযোগিতার চুক্তি করেছে বিশ্ববিদ্যালয়টি।
শনিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাকৃবির পক্ষে চুক্তিতে সই করেন রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন।
চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল এগ্রি কেয়ার ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড, বায়ার ক্রপসায়েন্স লিমিটেড, এসিআই পিএলসি, আকিজ ডেইরি লিমিটেড, প্রাণ ডেইরি লিমিটেড, ডুয়ালটেক পাওয়ার ইঞ্জিনিয়ারিং, উস্তার এগ্রো সলিউশন প্রাইভেট লিমিটেড, স্বর্ণলতা এগ্রো ফিশারিজ লিমিটেড, পূবালী ব্যাংক পিএলসি ও নেক্সটজেন বায়োফিড।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন।
কর্মশালায় উপস্থাপিত তথ্যে জানানো হয়, দেশি-বিদেশি ৬১১টি প্রতিষ্ঠানের সঙ্গে ইতোমধ্যে বাকৃবির সমঝোতা রয়েছে। তবে গবেষণার ফলাফলকে শিল্পক্ষেত্রে কার্যকরভাবে প্রয়োগ করতে বিশ্ববিদ্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে আরও নিবিড় যোগাযোগ প্রয়োজন বলে মত দেন বক্তারা।
প্রধান অতিথি অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষা ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম আধুনিক করা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণ এবং গবেষণার বাণিজ্যিক প্রয়োগ নিশ্চিত করা জরুরি। এসব ক্ষেত্রে আগামী এক বছরের মধ্যে প্রাতিষ্ঠানিক দূরত্ব কমানোর আশাবাদও ব্যক্ত করেন তিনি।
তিনি আরও জানান, শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সরকারের ৫০০ কোটি টাকার ইনোভেশন ফান্ড গবেষণার কাজে ব্যবহারের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, গবেষণায় অর্জিত সাফল্য কৃষকের মাঠে ও উৎপাদন ব্যবস্থায় পৌঁছে দিতে শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমন্বিত উদ্যোগ ছাড়া উদ্ভাবনের পূর্ণ সুফল পাওয়া সম্ভব নয়।
কর্মশালার শেষ পর্বে কৃষি গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান, শিল্পপ্রতিষ্ঠানে কাজের সম্ভাবনা এবং গবেষণার উদ্ভাবনকে বাণিজ্যিকভাবে ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে মতবিনিময় হয়। এতে শিক্ষার্থীরা নিজেদের প্রশ্ন ও প্রত্যাশা তুলে ধরেন।



