বিশ্বের পরিবর্তিত বাস্তবতায় নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে—এমন দক্ষ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে অর্জিত অভিজ্ঞতা শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সেখান থেকে পাওয়া জ্ঞান দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে প্রয়োগ করতে হবে।
রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, দেশে ১৫ থেকে ৩০ বছর বয়সী তরুণের সংখ্যা প্রায় ৫ কোটি ৮০ লাখ। এই বিশাল জনগোষ্ঠীর শিক্ষা, দক্ষতা ও মেধার বিকাশে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, তরুণ জনগোষ্ঠী দেশের বড় সম্ভাবনা। যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করতে হবে। এ লক্ষ্য সামনে রেখে সরকার শিক্ষাব্যবস্থাকে আধুনিক করার উদ্যোগ নিয়েছে। পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্যপ্রযুক্তি এবং মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের ব্যবহার বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও আইএইউপির ট্রেজারার ড. মো. সবুর খানসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়প্রধান, উপাচার্য, শিক্ষাবিদ এবং শিক্ষা খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



